220052

মামা বাড়ির আবদার না করলেই ভালো : ওবায়দুল কাদের

আগামী নির্বাচনের আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি সংক্রান্ত এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন,‘আদালতের সিদ্ধান্তই হচ্ছে তার মুক্তির সম্পর্কে শেষ কথা। এখানে সরকারের কোনো করণীয় নেই। সরকারের কাছে বেগম জিয়ার মুক্তি দাবি মামা বাড়ির আবদার। এই আবদারটা না করলেই ভালো।’

আজ সোমবার সন্ধ্যায় রাজধানীর নিউ ইস্কাটনের লেডিস ক্লাবে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত এক আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

এ সময় খালেদা জিয়ার মুক্তি সংক্রান্ত প্রশ্নের পরিপ্রেক্ষিতে প্রশ্ন করে তিনি বলেন, ‘কে কাকে মুক্তি দেবে? কার কাছে কে শর্ত দিচ্ছেন? কে তাকে দণ্ড দিল? আদালতে যান। সরকারের কাছে শর্ত দিয়ে লাভ নেই। সরকার তাকে জেলে নেয়নি। সরকার তাকে দণ্ড দেয়নি। সরকার তাকে মুক্তি দিতে পারে না।’

দলের নেতাদের যে কোনো বিষয়ে ফ্রি-স্টাইলে কথা না বলার আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘নির্বাচন কৌশলগত বিষয়। আমাদের জোটের রাজনীতিরও কৌশল আছে। কাজেই নেতৃবৃন্দের প্রতি অনুরোধ, সব বিষয়ে ফ্রি-স্টাইলে কথা বলবেন না। দলের নীতি-কৌশল, জোট গঠণ এই সব নিয়ে ফ্রি-স্টাইলে কথা বলা দলের জন্য শুভ নয়। সব বিষয়ে সবার কথা বলার প্রয়োজন নেই। যারা যে বিষয়ে কথা বলার,সেই পর্যন্ত বলবেন।’

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ‘চ্যালেঞ্জিং নির্বাচন’ আখ্যা দিয়ে কাদের বলেন,‘আমাদের বিশ্বাস আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকলে আমরা বিজয়ের মাস ডিসেম্বরে ঐক্যের সোনালী ফসল ঘরে তুলবো।’
১/১১ সরকারের আমলে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কারামুক্তি দিবসের পটভ‚মি তুলে ধরে ওবায়দুল কাদের বলেন, ‘সব কথা বলতে চাই না। নেতাদের অনেকেই যে সাহসটা দেখাতে পারেননি। সেই সাহস দেখিয়েছে আওয়ামী লীগের কর্মীরা এবং এই কর্মীরাই ২০০৮ সালের নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে দলের বিজয়কে সুনিশ্চিত করেছে।’

খুব শীঘ্রই ঢাকা মহানগর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলেও জানান ওবায়দুল কাদের। বলেন, ‘কমিটি নিয়ে বিভিন্ন পত্র-পত্রিকায় লেখা দেখি, এখনও কমিটি হয়নি। কিন্তু কমিটি আমাদের পার্টি অফিসে জমা হয়েছে। আমরা খুব শীঘ্রই আমাদের সভাপতির সঙ্গে আলোচনা করে এই কমিটিগুলো প্রকাশ করবো।’
সংগঠনের সভাপতি আবুল হাসনাতের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য রশিদুল আলম, খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন, মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ। অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন সংগঠনের প্রচার ও প্রকাশনা সম্পাদক আখতার হোসেন এবং উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মামুনুর রশিদ শুভ্র।

ad

পাঠকের মতামত