স্ত্রীকে জোর করে অভিনয় করালেন সিদ্দিক
বিনোদন ডেস্ক:
টেলিভিশন জগতের ছোট পর্দার জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা সিদ্দিক এই প্রথমবার নাটকে অভিনয় করলেন তার স্ত্রী মারিয়া মিম। সিদ্দিকের পরিচালনায় ‘মেড ইন ফরেন’ নাটকে দেখা যাবে তাদের।
এ প্রসঙ্গে সিদ্দিক বলেন, ‘আসলে মিম অভিনয় করতে চায় না। এই নাটকে অনেকটা জোর করেই ওকে দিয়ে অভিনয় করিয়েছি। ঈদে মিমের জন্য এটি একটি উপহারও বলতে পারেন। নাটকটির গল্পে দুজন সুন্দরী নারীর প্রয়োজন ছিল। তারই একটি চরিত্র রূপায়ন করেছে মিম অন্যটি করেছেন তানিয়া বৃষ্টি। মিমকে নিয়ে এটি পরীক্ষামূলক একটি কাজও বলতে পারেন। ও অভিনয়ের মানুষ না। তবে অভিনয়টা ভালোই করেছে। যতটা খারাপ হবে ভেবেছিলাম ততটা হয়নি। আশা করছি, নাটকটি দেখে সবার ভালো লাগবে।’
মারিয়া মিম বলেন, ‘এটি আমার অভিনীত প্রথম নাটক। কাজটি ভালো করার চেষ্টা করেছি। আশা করছি, নাটকটি দর্শকের ভালো লাগবে। তবে অভিনয়ে নিয়মিত হওয়ার ইচ্ছে নেই।’
নাটকের গল্প নিয়ে সিদ্দিক বলেন, ‘অজপাড়া গা কুড়াইলা। এখানকার বেশিরভাগ মানুষই সহজ সরল, বোকা কিসিমের। বেকার সমস্যাও তীব্র। এলাকার মুরুব্বি সোহেল খান বেকার সমস্যা নিয়ে চিন্তিত। এ থেকে পরিত্রাণের উপায় খুঁজছেন তিনি। সোহেল খানের দুই মেয়ে জুঁই আর জুথি দুজনই সারাদিন ফেসবুক নিয়ে ব্যস্ত। এভাবে এগিয়েছে নাটকটির গল্প।’
সিদ্দিক ও তার স্ত্রী মারিয়া মিম ছাড়াও নাটকটিতে থাকছেন আ খ ম হাসান, আহসানুল হক মিনুসহ অনেকে। সম্প্রতি নাটকটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। ঈদুল ফিতরের দিন রাত ৮টা ১০ মিনিটে বৈশাখী টেলিভিশনে নাটকটি প্রচারিত হবে।




