219255

গানের শুটিং করতে বাংলাদেশে এসেছিলেন অর্জুন-পরিণীতি

বিনোদন ডেস্ক:

২০১২ সালে ইশকজাদে সিনেমায় জুটি বেঁধেছিলেন বলিউডের জনপ্রিয় দুই অভিনয়শিল্পী অর্জুন কাপুর ও পরিণীতি চোপড়া। বেশ কিছুদিন পর তারা ফের একসঙ্গে ‘নমস্তে ইংল্যান্ড’ সিনেমায় কাজ করেছেন। এ সিনেমার একটি গানের শুটিংয়ের জন্য তারা প্রায় ১৮ থেকে ২০ টি জায়গার গিয়েছেন। এমনকি বাংলাদেশেও হয়েছে এই গানের শুটিং।

‘তু মেরি ম্যায় তেরা’ শিরোনামের এই গানটি রোমান্টিক ঘরানার। এতে অর্জুন-পরিণীতির পরস্পরের প্রতি ভালোবাসার বিষয়টি দেখানো হবে। এটি শুটিং করতে সময় লেগেছে ১১ দিন এবং এটি নির্মাণে ব্যয় হয়েছে সাড়ে পাঁচ কোটি রুপি।

সিনেমাটি নিয়ে পরিচালক ও সহ-প্রযোজক বিপুল শাহ বলেন, ‘গানটি সিনেমার একটি গুরুত্বপূর্ণ অংশ, যেখানে আমরা দেখাব অর্জুন ও পরিণীতি পাঞ্জাব থেকে লন্ডনে যাচ্ছেন। আমরা পাঞ্জাবে যাত্রা শুরু করে বাংলাদেশ সীমান্ত, ঢাকা, ব্রাসেলস, ফ্রান্সের কালাইস চেকপোস্ট হয়ে প্যারিস ও লন্ডনে শেষ করেছি। এমনকি সাগরের মাঝেও আমরা শুটিং করেছি।’

গানের বাজেট নিয়ে তিনি বলেন, ‘আমি কখনো অর্থের পরিমাণ নিয়ে কথা বলি না। তবে আমার নির্মিত সবচেয়ে ব্যয়বহুল গান এটি। যে গানে কোরিওগ্রাফার প্রয়োজন হয় না সেটি আমি পরিচালনা করি, আর ট্রাভেলিং নিয়ে গান লেখায় জাভেদ সাহেবের চেয়ে ভালো কে আছেন? এটি ইমোশনাল কিন্তু মানের দিক থেকে অনেক উঁচু একটি গান।’

অর্জুন-পরিণীতির রসায়ন নিয়ে বিপুল শাহ বলেন, ‘তারা খুব ভালো বন্ধু এবং সারাক্ষণ মজা করেন। আমি তাদের টম ও জেরি বলি। কারণ একসঙ্গে তাদের রসায়ন অনেক দারুণ লাগে এবং পর্দাতেও তা দেখা যাবে।’ আগামী ১৯ অক্টোবর সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

ad

পাঠকের মতামত