219404

সংবাদমাধ্যমকে এড়িয়ে বিমানবন্দর ছাড়লেন সাকিবরা

স্পোর্টস ডেস্ক:
আফগানিস্তানের কাছে ধবলধোলাই হয়ে ভারতের দেরাদুন থেকে শুক্রবার বিকেলে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। অনেকটা লুকিয়েই বিমানবন্দর ছেড়েছেন দলের বেশির ভাগ সদস্যই।

বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে সংবাদমাধ্যমকে এড়িয়ে কোনোমতে বিমানবন্দর ছেড়েছেন বেশির ভাগ খেলোয়াড়।

দেশের বাইরে বাংলাদেশ এবারই যে প্রথম খারাপ খেলেছে, তা নয়। তবে আজ যেভাবে সাকিবরা লুকিয়ে বাঁচলেন, কত দিন পর এই দৃশ্যটা দেখা গেল, সেটি তারাও বলতে পারবেন না।

ভালো খেললে খেলোয়াড়দের অভ্যর্থনা জানানোর লোকের অভাব হয় না। খারাপ খেললে বিমানবন্দরে সাংবাদিক আর বিসিবির লজিস্টিক বিভাগের দু-একজন ছাড়া কাউকে দেখা যায় না। আজও সেটির ব্যতিক্রম হয়নি।

দেরাদুন থেকে ঢাকার ভ্রমণক্লান্তি তো ছিলই, খেলোয়াড়দের বিষণ্ন মুখগুলোতে স্পষ্ট দেখা গেল আফগানিস্তানের বিপক্ষে ধবলধোলাইয়ে লজ্জা আর অপমানের দাগ।

সাকিব আল হাসান চোখের পলকে বিমানবন্দর থেকে বেরিয়ে গেলেন। তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমদুউল্লাহদের দেখাই মিলল না। কালো কাচের আড়াল হলেন কোর্টনি ওয়ালশসহ কোচিং স্টাফের দুজন সদস্য। বিকেলের সোনালি রোদ্দুরেও সৌম্য সরকার, লিটন দাস, আবু হায়দার, আবুল হাসান, মেহেদী হাসান মিরাজদের মুখে দেখা গেল রাজ্যের আঁধার!

খেলোয়াড়েরা যে সংবাদকর্মীদের সামনে আসবেন না, আগে থেকেই তা অনুমান করা যাচ্ছিল। কঠিন সময়ে বেশির ভাগ সময়েই দলের প্রতিনিধি হিসেবে যিনি মিডিয়া সামলান, সেই ম্যানেজার খালেদ মাহমুদ পর্যন্ত আজ লুকিয়ে বাঁচলেন!

ad

পাঠকের মতামত