‘যখন মনে হবে আমি মা হতে চাই, তখনই বিয়ের সিদ্ধান্ত নিব’
বিনোদন ডেস্ক:
আলিয়া ভাটের নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলার স্টাইলটা বেশ অন্যরকম। তাকে যাই জিজ্ঞেস করা হয়, তাতেই তিনি হ্যাঁ বা না কিছুই বলেন না। এর পরিবর্তে তিনি এমন কিছু বলে ফেলেন, যা নিয়ে রীতিমত হইচই পড়ে যায় বলিপাড়ায়।
এবারও তার অনথ্যা হল না। বিয়ে নিয়ে এমন জবাব দিলেন তাতে অবাক হচ্ছে নায়িকার ফ্যানেরা। কাপুর পরিবারের রত্ন রণবীর কাপুরের সঙ্গে আলিয়ার নাম এখন যেন ওতপ্রতভাবে জড়িত। সেই বিষয়কে কেন্দ্র করে নায়িকাকে যখন তার বিয়ের প্ল্যানের প্রশ্ন করা হয়, তখন তিনি জানান, “সকলের ধারণা আমি হয়তো ৩০ বছর বয়সে গিয়ে বিয়ে করব, কিন্তু সেটা নাও হতে পারে। ৩০ আগেই বিয়ে করে সকলকে চমকে দিতে পারি”। এই মন্তব্য কী তাহলে তার এবং রণবীরের বিয়ের আভাস? এই কথাই এখন সিনেপ্রেমীদের চর্চার বিষয় হয়ে উঠেছে।
একজনের নাম উঠলেই আরেকজনের প্রসঙ্গ আপনা আপনিই চলে আসে। এমনই এক বিশেষ সম্পর্ক শেয়ার করেন আলিয়া এবং রণবীর। আলিয়া মুখে কিছু না বললেও, রণবীর ইতিমধ্যেই স্বীকার করে নিয়েছেন তার এবং আলিয়ার রিলেশনশিপের কথা।
সম্প্রতি আলিয়া তার সাক্ষাৎকারে আরও জানিয়েছেন, “এখন বিয়ের ব্যাপারে আমি একেবারেই ভাবছিনা। কিন্তু এটুকু বলতে পারি যে লিভ-ইন সম্পর্কে আমি একেবারেই বিশ্বাসী নই। বিয়েটা আমি করতে চাই সন্তানের জন্য। যেই সময় আমার মনে হবে যে আমি মা হতে চাই তখনই আমি বিয়ের সিদ্ধান্ত নেব।”




