সাকিবদের মান বাঁচানোর ম্যাচ
স্পোর্টস ডেস্ক।। এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ হাতছাড়া হয়ে গেছে বাংলাদেশের। আজ তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। সাকিবদের জন্য মহাগুরুত্বপূর্ণ ম্যাচ এটি। হারলেই যে হোয়াইটওয়াশের লজ্জা পেতে হবে লাল-সবুজদের। দেরাদুনে মান বাঁচানোর ম্যাচে সান্ত¡নার জয় নিয়ে মাঠ ছাড়তে পারবেন তো সাকিব বাহিনী?
চলমান সিরিজে ব্যাটিং, বোলিং দুই বিভাগেই ছন্দহীন তামিম-রুবেলরা। টানা দুই ম্যাচ হেরে আত্মবিশ্বাসের গ্রাফটা একেবারে নিচের দিকে নেমে গেছে তাদের। বাংলাদেশের খেলোয়াড়রা এখন ‘শেষ ভালো যার, সব ভালো তার’ তত্ত্বে বিশ্বাসী! শেষ ম্যাচে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করছেন টাইগাররা।
তবে কাজটা সহজ হবে না। প্রথম দুই ম্যাচে আফগানিস্তানের কাছে এক প্রকার ‘উড়ে’ গেছে বাংলাদেশ দল। শুধু র্যাংকিং নয়, মাঠের পারফরম্যান্সেও সাকিবদের চেয়ে অনেক এগিয়ে রশিদ, নবিরা।
সিরিজ শুরুর আগে থেকেই বাংলাদেশের খেলোয়াড়রা বলছিলেন, ওদের (আফগানিস্তান) চেয়ে আমাদের ব্যাটসম্যানরা বেশি অভিজ্ঞ। তবে ২২ গজের ময়দানি যুদ্ধে অভিজ্ঞতার সঠিক প্রতিফলন দেখাতে পারছেন না তামিম, মুশফিক, সাকিব, মাহমুদউল্লাহরা। দ্বিতীয় ম্যাচে নির্বিষ ব্যাটিংয়ের কারণেই ৮ উইকেট হারিয়ে মাত্র ১৩৫ রান তুলতে সক্ষম হন টাইগাররা।
সর্বোচ্চ ৪৩ রান করেন তামিম। বাঁহাতি এ ব্যাটসম্যানকে এ জন্য খেলতে হয় ৪৮ রান; যা তার নামের পাশে বড্ড বেমানান দেখায়। ওই ম্যাচে সাব্বির-লিটন-মুশফিক-মাহমুদউল্লাহ-মোসাদ্দেক-সৌম্যর মতো ব্যাটসম্যানরা ব্যর্থতার ঝাঁপি খুলে বসেছিলেন।
হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে বাংলাদেশকে ভাবাচ্ছে ব্যাটসম্যানদের ব্যর্থতা। কেননা দুই ম্যাচেই ব্যাটিং ব্যর্থতা বেশি চোখে পড়েছে। রশিদ খান-মুজিবুর রহমান-শাপুর জাদরানদের সামনে অসহায় আত্মসমর্পণ করছেন ব্যাটসম্যানরা। বাংলাদেশের বোলাররাও যে নামের প্রতি সুবিচার করতে পারছেন তা কিন্তু নয়। আবার একাদশ নির্বাচন ও অধিনায়কত্ব নিয়েও প্রশ্ন দেখা দিচ্ছে।
সাকিব অবশ্য সমালোচনায় কান দিচ্ছেন না। শেষ ম্যাচ জিতে হোয়াইটওয়াশ এড়ানোটাই এখন তার একমাত্র লক্ষ্য। দেরাদুনে অন্তত একটি জয় চায় বাংলাদেশ। আর সে লক্ষ্য নিয়েই আজ মাঠে নামবে টাইগাররা।
আজও একাদশে পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। যতটুকু আভাস পাওয়া গেছে তাতে শেষ ম্যাচে বিশ্রাম দেওয়া হতে পারে সৌম্য সরকারকে! অফফর্মে থাকা বাঁহাতি এই ওপেনার প্রথম ম্যাচের একাদশে ছিলেন না।
দ্বিতীয় ম্যাচে তাকে সুযোগ দেওয়া হলে আবারও ব্যর্থ তিনি। সাতে নামা সৌম্য ৯ বলে ৩ রান করে আউট হন। তবে টপ অর্ডারের একজন ব্যাটসম্যানকে এত নিচের দিকে খেলানো নিয়েও প্রশ্ন উঠেছে। এ ছাড়া রুবেল হোসেনের জায়গায় আরিফুল হককে দেখা গেলেও অবাক হওয়ার কিছু থাকবে না!




