ব্লাউজের আবদার পূরণ না করায় স্ত্রীর বিষপান, অভিমানে স্বামীর মৃত্যু!
সামান্য একটাই আবদার ছিল তার স্ত্রীর। ছোট এই আবদারটা ছিল- হাট থেকে এনে দিতে হবে নতুন একটা ব্লাউজ। তবে বিপদ হলো তখনই, যখন স্ত্রীর আবদার আর পূরণ করল না স্বামী।
এক সময় ব্লাউজ না পেয়ে বিষ খেয়ে আত্নহত্যার চেষ্টা করে স্ত্রী। আর স্ত্রীর এই কাজে ক্ষুব্ধ হয়ে আধ খাওয়া বিষের বাকিটা খেয়ে মৃত্যু হল স্বামীর।
এ ঘটনার সূত্রপাত সোমবার। ঘটনাটি ঘটে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের বকদুয়ার গ্রামে।
জানা যায়, উদয় রায় নামে ওই ব্যক্তি ধনকৈল হাটে গিয়েছিলেন ধান বিক্রি করতে। হাট থেকে ব্লাউজ কিনে আনার আবদার করেন তার স্ত্রী লতিকা। কিন্তু ভুলবশত ব্লাউজের বদলে মুরগির মাংস কিনে বাড়ি ফেরেন তিনি।
স্বামীর কাণ্ড দেখে রীতিমতো অবাক হন স্ত্রী। ব্লাউজ নিয়ে এতটাই আকাঙ্ক্ষা চরমে ওঠে যে উদয়ের আনা মাংস রান্না করতে অস্বীকার করেন লতিকা। পরিস্থিতি বেগতিক দেখে সেই মাংস রান্না করে নেন উদয়ের মা।
অনেক আগেই হাঁড়ি ভাগ হয়ে গিয়েছে মা-ছেলের। উদয়ের মায়ের এই কাণ্ডে আগুনে ঘি পড়ে। এরপর লতিকা দোকান থেকে বিষ এনে তা খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পড়ে লতিকাকে হাসপাতালে ভর্তি করা হয়। এই মুহূর্তে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসাপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তিনি।
স্থানীয় বাসিন্দারা জানায়, স্ত্রীর খাওয়া বাকি বিষ নিয়ে বাইরে বেরিয়ে যান উদয়। অনেক রাত পর্যন্ত ঘরে না ফেরায় খোঁজাখুঁজি শুরু হয়। প্রতিবেশিরা প্রথমে সন্দেহ করেন, ট্রেন ধরে হয়ত দিল্লি চলে গিয়েছেন উদয়। কিন্তু পরের দিন সকালে পাশের আমবাগানে তার মৃত দেহ উদ্ধার হয়। বিষয়টি জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। খবর দেওয়া হয় কালিয়াগঞ্জ থানার পুলিসকে। পুলিস এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনার তদন্তে নেমেছে পুলিস।




