অস্ত্র ও মাদক দিয়ে ফাঁসাতে গিয়ে ফাঁসলেন নিজেই
চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র ও মাদক দিয়ে এক ইউপি সদস্যকে ফাঁসাতে গিয়ে আটক হলেন ‘পুলিশের সোর্স’ হিসাবে কাজ করা এক ব্যক্তি।
মঙ্গলবার (৫ জুন) ভোর ৪টার দিকে সদর উপজেলার শাজাহানপুর ইউনিয়নের হাকিমপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় দুটি পিস্তল, দুই রাউন্ডগুলি ও ২’শ গ্রাম হেরোইন জব্দ করা হয়।
আজ দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে গণমাধ্যমের সামনে এসব তথ্য দেন জেলা পুলিশ সুপার টিএম মৌজাহিদুল ইসলাম। আটককৃত ব্যক্তি, সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের জোড়াবকুল তোলা গ্রামের ঘুটু মোড়লের ছেলে আব্দুল খালেক (৩৫)।
পুলিশ সুপার জানান, শাজাহানপুর ইউনিয়নের ৮নং ওর্য়াড সদস্য আবুল কাসেম কে ফাঁসানোর উদ্দেশ্যে তার নিজ খড়ির ঘরে আব্দুল খালেক অস্ত্র ও মাদক রেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সেখানে অভিযান চালায় এবং ওই ইউপি সদস্যকে অস্ত্র ও মাদকসহ আটক করে। এ সময় সেলিম নামে পুলিশের এক সোর্স পালিয়ে যায়। এতে পুলিশের সন্দেহ হয় এবং অপর সোর্স আব্দুল খালেককে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে ইউপি সদস্যকে ফাঁসানোর ঘটনা বেরিয়ে আসে।
পুলিশ সুপার আরো জানায়, এ ঘটনায় পুলিশ সেলিমকে ধরতে অভিযান অব্যাহত রেখেছে।




