রিয়াদ-মোসাদ্দেককে ওভার না দেওয়া নিয়ে যা বললেন সাকিব
আফগান ইনিংসের শেষ ৪ ওভারই গড়ে দিয়েছে পার্থক্য। কিন্তু এই শেষ ওভারে অধিনায়ক সাকিব আল হাসান কেন দলের স্পিনারদের ওপর আস্থা রাখলেন না, এই প্রশ্ন উঠছে। যেখানে ১০ ওভারে স্পিনাররা দিয়েছিল মাত্র ৫৫ রান!
সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৪৫ রানে হেরেছে বাংলাদেশ। আফগানিস্তানের সঙ্গে র্যাঙ্কিংয়ের ব্যবধানটা যে হিসেবের গোলমেলের কারণে নয় সেটি পরিষ্কার বুঝিয়ে দিয়েছে রশিদ খানরা। বাংলাদেশ ইনিংসের মেরুদণ্ড ভেঙে দিয়েছেন আফগান স্পিনাররা। শেষ দিকে পেসাররা শুধু স্পিনারদের দেওয়া উপহারগুলো বুঝে নিয়েছেন। ম্যাচ শেষে প্রশ্ন উঠেছে, বাংলাদেশ কী তাদের স্পিনারদের ঠিকমতো কাজে লাগিয়েছে?
এ বিষয়ে প্রশ্ন করা হলে ম্যাচ শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সাকিব উল্টো প্রশ্ন ছুঁড়ে দেন স্পিনাররা যদি ওভারে ৩টি ছক্কা খেতেন তখন কি হতো? তখনও একইভাবে বলা হতো না যে বিশেষজ্ঞ বোলার থাকতে কেন পার্টটাইমার ব্যবহার করা হলো?
সাকিব বলেন, ‘এই সিদ্ধান্তটা সবসময়ই কঠিন। প্রায়ই প্রশ্ন ওঠে, ‘একে-ওকে কেন বোলিং দিলাম না।’ বোলিং দেয়ার পর যদি তিন ছক্কা খেতো, তখন আবার উল্টো প্রশ্ন উঠতো, ‘মূল বোলাররা থাকতে কেন ওকে বোলিং দিলাম।’ আসলে ক্রিকেটে এমন হয়ই। আমাদের সবকিছুতে নতুন করে মনোযোগ দিতে হবে।’




