নায়ক-খলনায়ক মুখোমুখি
ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় খল অভিনেতা আশীষ বিদ্যার্থী। বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনা ছাড়াও শুধু বাংলাদেশের ছবিতেও অভিনয় করছেন তিনি। বর্তমানে ওয়াজেদ আলী সুমনের ‘ক্যাপ্টেন খান’ ছবিতে অভিনয় করছেন তিনি।
ছবিটিতে নায়ক-নায়িকা হিসেবে রয়েছেন শাকিব খান ও বুবলী। এ ছবির শুটিংয়েই আশীষ বিদ্যার্থী গিয়েছিলেন কক্সবাজারে। সেখানেই দেখা হয় ঢাকাই ছবির নায়ক বাপ্পি চৌধুরীর সঙ্গে। একই হোটেলে শুটিং করছিলেন তারা।
বাপ্পি সেখানে যুগল পরিচালক ইস্পাহানি আরিফ জাহান পরিচালিত ‘নায়ক’ ছবির শুটিং করছিলেন। নায়ক ও খলনায়ক দুই ছবির হলেও একসঙ্গে দীর্ঘক্ষণ আড্ডা দেন তারা। কলকাতা ও বাংলাদেশের চলচ্চিত্রের নানা বিষয়ে আলোচনা হয় তাদের মধ্যে।
এ প্রসঙ্গে বাপ্পি চৌধুরী বলেন, ‘আশীষ বিদ্যার্থী আমার প্রিয় একজন অভিনেতা। সৌভাগ্যক্রমে আমরা একই হোটেলে থাকছি এবং শুটিং করছি। তিনি আমাকে চায়ের নিমন্ত্রণ করেন।’ গত ২৮ মে নায়ক ছবির টিম নিয়ে কক্সবাজার উড়াল দেন পরিচালক।
উদ্দেশ্য কয়েকটি গানের শুটিং। গানগুলোর নৃত্য পরিচালনা করছেন ভারতীয় নৃত্যশিল্পী বাবা যাদব। এ ছবিতে বাপ্পির নায়িকা হিসেবে রয়েছেন অধরা খান। আজ গানের শুটিং শেষ হবে বলে জানিয়েছেন বাপ্পি।
আগামীকাল নায়ক ছবি সংশ্লিষ্টরা ঢাকায় ফিরলেও বাপ্পি ফিরছেন না। রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে তার।




