মেয়েকে ধর্ষণ; মাকে জানালে দু’জনকেই মেরে ফেলবে বাবা!
চট্টগ্রামে ১৬ বছর বয়সী সৎ মেয়েকে ধর্ষণের দায়ে মো. মজিদ (৪৯) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল শনিবার নগরীর কদমতলী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মজিদ কুমিল্লা চৌদ্দগ্রামের গুলপাশা ইউনিয়নের সাবুক পাড়ার আরচ মিয়ার বাড়ির মৃত আরজু মিয়ার ছেলে বলে জানান সদরঘাট থানার ওসি নেজাম উদ্দিন।
ওসি নেজাম উদ্দিন আরও জানান, মেয়েটির মার সাথে মজিদের বিয়ে হয় এক বছর আগে। এ সময় মেয়েটির বয়স ছিল ১৫। মেয়েটির মা অন্যের বাসায় বুয়া হিসেবে কাজ করে।
ফলে মায়ের অনুপস্থিতিতে বাসায় একা পেয়ে মেয়েটিকে গত বছরের ৯ই ডিসেম্বর সকালে প্রথমবারের মতো ধর্ষণ করে সৎ বাবা। এরপর মেয়েটিকে হুমকি দেয়া হয় বিষয়টি তার মাকে জানালে তাদের দুইজনকেই মেরে ফেলবে। এ ভয়ে মুখ না খোলার সুযোগে পরে মেয়েটিকে আরো কয়েকবার ধর্ষণ করে তার সৎ বাবা। সর্বশেষ গত এক সপ্তাহ আগে ধর্ষণের পর শুক্রবার সন্ধ্যায় মেয়েটির শারীরিক অসুস্থতা দেখা দেয়। ফলে তাকে স্থানীয় একজন ডাক্তারের কাছে নিয়ে যান তার মা।
তখন ওই কিশোরী অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি চিকিৎসক তার মাকে জানান। এরপর মায়ের কাছে সৎ বাবার ধর্ষণের ঘটনা খুলে বলে মেয়েটি। এ ঘটনায় সদরঘাট থানায় অভিযোগ দায়েরের পর গতকাল শনিবার দিনগত রাতে মজিদকে গ্রেফতার করা হয়।
সদরঘাট থানার পরিদর্শক (তদন্ত) রুহুল আমিন বলেন, গতকাল সন্ধ্যায় মেয়েটির মার দায়ের করা অভিযোগ পেয়ে আমরা রাতেই মজিদকে গ্রেফতার করি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মজিদ ধর্ষণের কথা স্বীকার করেছে। ধর্ষণ মামলায় তাকে আদালতে পাঠানো হয়েছে।




