আম খাওয়ানোর লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণের চেষ্টা, ইমাম গ্রেপ্তার
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নোমান হোসেন (২২) নামে এক মসজিদের ইমামকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে ওই ইমামকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্ত নোমান হোসেন চর হোগলা মোহাম্মদ উল্লাহ কান্দি গ্রামে হাজী কাজীমদ্দিন সরকার জামে মসজিদের ইমাম।
শিশুটির বাবার অভিযোগ, গত বৃহস্পতিবার সকালে শিশুটি হাজী কাজীমদ্দিন সরকার জামে মসজিদে পড়তে যায়। এ সময় নোমান তার কক্ষে শিশুটিকে নিয়ে আসে। পরে আম খাওয়ানের লোভ দেখিয়ে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে। পরে শিশুটি কান্না করলে নোমান শিশুটির হাতে একটি আম দিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়। বাড়িতে গিয়ে মা-বাবার কাছে সব কিছু খুলে বলে শিশুটি।
সখিপুর থানার পুলিশকে শিশুটির বাবা বিষয়টি জানালে গতকাল শনিবার রাতে পুলিশ নোমানকে গ্রেপ্তার করে। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে মামলা করেছে।
এ বিষয়ে সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মঞ্জুরুল হক আকন্দ বলেন, ‘ঘটনার খবর পেয়ে অভিযুক্ত ওই ইমামকে প্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে মামলা করেছে। পরে আজ সকালে তাকে শরীয়তপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।’




