‘জীবনের অধিকার এভাবে কেড়ে নেয়া যায় না’
মাদকবিরোধী অভিযান নিয়ে বিবৃতি দিয়েছেন ১০ বিশিষ্ট নাগরিক। এ অভিযানের যৌক্তিকতা অনুধাবনের পাশাপাশি টেকনাফের পৌর কাউন্সিলর একরামুল হক নিহতের ঘটনায় উদ্বেগ জানিয়েছেন তারা।
বিবৃতিদানকারীরা হলেন- শিক্ষাবিদ অধ্যাপক আনিসুজ্জামান, নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, আতাউর রহমান, মামুনুর রশীদ, কবি নির্মলেন্দু গুণ, কথাসাহিত্যিক হাসান আজিজুল হক, সাহিত্যিক মফিদুল হক, সংস্কৃতিকর্মী নাসিরউদ্দীন ইউসুফ, সংস্কৃতিকর্মী গোলাম কুদ্দুস ও হাসান আরিফ।
বিবৃতিদানকারীরা বলেন, ‘গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজ ব্যবস্থায় এমন মৃত্যু কখনই গ্রহণযোগ্য নয়। সংবিধানে প্রদত্ত জীবনের অধিকার এভাবে কেড়ে নেয়া যায় না। গণমাধ্যম ও বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় কিছু নিহত ব্যক্তি সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য প্রকাশিত হয়েছে।’
বিবৃতিতে আরো বলা হয়, ‘সারাদেশে যে মাদকবিরোধী অভিযান চলছে তার যৌক্তিকতা আমরা অনুধাবন করি। দেশে খুব কম পরিবার আছেন যারা মাদকের ভয়াবহতা থেকে নিজেদের রক্ষা করতে পেরেছেন। কিন্তু গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, প্রতিদিন অসংখ্য মানুষ বিচার বহির্ভূত হত্যার শিকার হচ্ছেন। যা অভিহিত করা হচ্ছে বন্দুকযুদ্ধে নিহত বলে।’
একরামুল হক নিহতের ঘটনায় উদ্বেগ জানিয়ে তারা বলেন, ‘তার বিরুদ্ধে আগে কোনো প্রকার অভিযোগের কথা শুনা যায়নি। তার পরিবার সংবাদ সম্মেলন করে হত্যা পূর্ব ফোনালাপ সাংবাদিকদের কাছে প্রকাশ করেছেন। যা কোনো গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজে অকল্পনীয়।’




