216286

প্রধানমন্ত্রীর ঢাকা ত্যাগ সৌদি ও লন্ডনের উদ্দেশ্য

নিউজ ডেস্ক।। ‘গালফ শিল্ড-১’ যৌথ সামরিক মহড়ার সমাপনীতে যোগ দিতে সৌদি আরব এবং কমনওয়েলথ সরকার প্রধানদের বৈঠকে (সিএইচওজিএম) অংশ নিতে লন্ডনের উদ্দেশ্য ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী। আট দিনের এ সফরে সৌদি হয়ে লন্ডন যাবেন তিনি। রোববার বিকেলে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট সৌদি আরবের দাম্মামের উদ্দেশে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদের আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার দেশটির পূর্বাঞ্চলীয় আল জুবাইল প্রদেশে অনুষ্ঠেয় ‘গালফ শিল্ড-১’ নামের একটি যৌথ সামরিক মহড়ার কুচকাওয়াজ ও সমাপনী অনুষ্ঠানে যোগ দেবেন। সৌদি আরব উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তা সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যে ২৩টি বন্ধুপ্রতিম দেশের অংশগ্রহণে মাসব্যাপী এই সামরিক মহড়ার আয়োজন করেছে। গত ১৮ মার্চ শুরু হওয়া এই মহড়ায় বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ১৮ সদস্যের একটি প্রতিনিধিদল অংশ নিয়েছে।

এ অনুষ্ঠান শেষে একই দিনে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীরা একটি বিশেষ ফ্লাইটে লন্ডনের উদ্দেশ্য সৌদি ত্যাগ করেন। আগামী ১৯-২০শে এপ্রিল লন্ডনে অনুষ্ঠেয় কমনওয়েলথ সামিটে অংশ নেবেন শেখ হাসিনা। ওই সম্মেলনের সাইড লাইনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ অংশগ্রহণকারী বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের সঙ্গে তার আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক বৈঠক-মতবিনিময় হওয়ার কথা রয়েছে। ২২শে এপ্রিল প্রধানমন্ত্রী লন্ডন থেকে দেশে ফিরবেন।

এরপর ৩ দিন ঢাকায় কাটিয়ে তিনি ‘গ্লোবাল সামিট অব উইমেন’-এ যোগ দিতে অস্ট্রেলিয়া যাবেন। দুজন ভাইস প্রেসিডেন্ট, একজন সাবেক প্রেসিডেন্ট, বিভিন্ন দেশের মন্ত্রী, সচিব, কর্পোরেট ও ব্যবসায়ী সংগঠনের শতাধিক নারী প্রতিনিধির অংশগ্রহণে অনুষ্ঠেয় ওই শীর্ষ সম্মেলনে একমাত্র রাষ্ট্র প্রধান হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অংশ নিচ্ছেন। আগামী ২৬ থেকে ২৮শে এপ্রিল সিডনিতে সামিটটি অনুষ্ঠিত হবে। তবে সামিটের চেয়ে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রস্তাবিত দ্বিপক্ষীয় বৈঠককেই গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র মতে, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের সম্ভাবনায় গত ১লা এপ্রিল আন্তঃমন্ত্রণালয় বৈঠক হয়েছে। অস্ট্রেলিয়া সেই সব দেশগুলোর অন্যতম যাদের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ভারসাম্য রয়েছে। অস্ট্রেলিয়া থেকে প্রধানমন্ত্রী যাবেন নিউজিল্যান্ডে। দেশটিতে তার ৩ দিনের সফর হতে পারে।

ad

পাঠকের মতামত