‘সন্তান নিয়ে এমন বলা উচিত না’
![]()
![]()
![]()
![]()
বিনোদন ডেস্ক।। শুক্রবার মুক্তি পেয়েছে শাহনেওয়াজ শানু পরিচালিত চলচ্চিত্র ‘পলকে পলকে তোমাকে চাই’। এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় চিত্রনায়ক বাপ্পী চৌধুরী। এ চলচ্চিত্র ও বিভিন্ন বিষয়ে কথা হয় তার সঙ্গে।
২ এপ্রিল ঘোষণা দিয়ে ৬ এপ্রিল মুক্তি পায় ‘পলকে পলকে তোমাকে চাই’। কেমন সাড়া পাচ্ছেন?
অনেক। এতটা আশাও করিনি। প্রতিটি সিনেমা হল থেকেই ভালো ব্যবসা করেছে ছবিটি। এ হল রিপোর্ট নিয়ে আমরা সন্তুষ্ট। আশা করছি চলতি সপ্তাহজুড়ে এটি দর্শক ধরে রাখতে পারবে। আশার কথা হচ্ছে আগামী সপ্তাহেও এটি চলবে ৬০টিরও বেশি প্রেক্ষাগৃহে। আর এ বিষয়টাই স্পষ্ট হয়ে যায় যে, ছবিটি সবার ভালো লেগেছে।
মুক্তির আগে প্রচারের জন্য খুব অল্প সময় পেয়েছিলেন। একটু বেশি সময় পেলে নিশ্চয় আরও ভালো কিছু হতো?
অবশ্যই। প্রচারেই প্রসারÑ এটা মানতেই হবে। মুক্তির আগে একটি সপ্তাহ সময় পাওয়া গেলে, ছবিটি সম্পর্কে দর্শকের আরও আগ্রহ তৈরি করা যেত।
হুট করে মুক্তি দেওয়ার পেছনে কি বিশেষ কোনো কারণ ছিল?
প্রতি সপ্তাহেই মুক্তির তালিকায় আছে দেশি ও ভিনদেশি ছবি। আর এটা কোরবানি ঈদের পর পর্যন্ত। মানে এর আগে কোনো শিডিউল ছিল না। তাই হুট করেই মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
![]()
![]()
![]()
![]()
ছবিতে আপনার বিপরীতে আছেন মাহিয়া মাহি। ছবিটি নিয়ে তার বক্তব্য কিন্তু ভিন্ন। নিশ্চয় আপনি সেগুলো পড়েছেন?
জি পড়েছি। আমি শুধু বলব, প্রতিটি চলচ্চিত্র আমাদের কাছে সন্তানের মতো। আর সব সন্তানই সোনার টুকরা হয় না। তাই বলে কি অন্য সন্তানদের আমরা ফেলে দেব, তাদের খারাপ বলব? এটা কোনো বাবা-মা বলে না। মাহির হয়তো এ ছবির কোনো বিষয় খারাপ লেগেছে, তিনি সেটা পরিচালক বা প্রযোজকের সঙ্গে আলাপ করতে পারতেন। আমি মনে করি নিজের সন্তান নিয়ে গণমাধ্যমে কারোরই এমন বলা উচিত না।
ছবির ব্যবসায়িক ক্ষেত্রে এর কি কোনো প্রভাব পড়েছে বলে মনে হয় আপনার?
একটু তো হয়ই। তিনি ছবির নায়িকা। ছবিটি প্রথমে মুক্তি পাওয়ার কথা ছিল ৮০টি প্রেক্ষাগৃহে। তার এমন বক্তব্যের পর এটি প্রেক্ষাগৃহ পায় ৭১টি। এর ফলে কিন্তু প্রচারও হয়েছে (হাসি)। সবাই এখন এটিকে আমার একার ছবি বলছেন। তবে আমি বলব ছবিটি আমার একার নয়। এতে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, আহমেদ শরীফ, সাদেক বাচ্চু, শিবা শানু, জারাসহ অনেকে। কাহিনি ও সংলাপ লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু। চিত্রনাট্য করেছেন পরিচালক নিজেই।
![]()
![]()
![]()
![]()
জুটি হিসেবে কার সঙ্গে কাজ করতে বেশি আগ্রহ প্রকাশ করেন? মাহি, পরীমনি, ববি?
আমি জুটি প্রথা বিশ্বাস করি না। সবার সঙ্গেই কাজ করতে চাই। আর মাহির সঙ্গে আমার অনেক ছবি আছে, ছবি আছে পরীমনির সঙ্গে। জলির সঙ্গেও কিন্তু আমি কাজ করেছি। এদের সঙ্গে নিশ্চয় ভবিষ্যতেও ছবি করব। নতুনদের সঙ্গেও কাজ করতে পছন্দ করি।
সাক্ষাৎকারের শুরুতে আপনি ‘ভিনদেশি’ শব্দটা ব্যবহার করেছিলেন।
এই ভিনদেশি ছবি বলতে কী বোঝাতে চাইছেন?
সাফটা চুক্তিতে আনা ছবিগুলোকে ‘ভিনদেশি’ বলছি। আবার যে সব যৌথ প্রযোজনার ছবি নিয়ম না মেনে নির্মাণ করা হয়েছে সেগুলোকেও ‘ভিনদেশি’ বলব। তবে আমি সাফটার পক্ষে না থাকলেও যৌথ প্রযোজনার সঙ্গে আছি। এতে ভালো কিছুই নির্মাণ হয়। কিন্তু কাজটা নিয়ম মেনে করা উচিত। যেমন ‘স্বপ্নজাল’। উৎস: দৈনিক আমাদের সময়।




