213239

পুলিশের চোখ ফাঁকি দিয়ে সেখানে উঠে গেছেন তিনি! তারপর …

আবারো হাওড়া ব্রিজের মাথায় উঠে হাত নাড়তে দেখা গেছে এক যুবককে। তবে সোমবার বিকেলের ওই ঘটনায় পুলিশ বা দমকল বাহিনীকে তেমন ঝামেলায় পড়তে হয়নি। কিছুক্ষণের চেষ্টায় তাকে সেতুর মাথা থেকে নিচে নামিয়ে নিয়ে আসা সম্ভব হয়েছে। প্রাথমিকভাবে পুলিশের দাবি, ওই যুবক মানসিকভাবে ভারসাম্যহীন।




কিন্তু যে ব্রিজের ফুটপাতে দাঁড়ানো নিষেধ, ছবি তোলাতেও রয়েছে নিষেধাজ্ঞা; সেখানে পুলিশের চোখ এড়িয়ে কীভাবে ব্রিজের মাথায় ওই যুবক উঠে পড়লেন, তা নিয়ে প্রশ্ন উঠছে। ব্রিজের হাওড়া ও কলকাতা প্রান্তে রয়েছে পুলিশ বুথ। সারাক্ষণ সেখানে পাহারায় থাকেন পুলিশকর্মীরা।

এ ছাড়াও ব্রিজে কলকাতা পুলিশের টহল গাড়িও থাকে। তার পরেও এমন ঘটনা ঘটলো কীভাবে, প্রশ্ন তুলছেন স্থানীয়রা।

পুলিশ বলছে, কোন দিক থেকে কখন ওই যুবক উঠে পড়েছেন, তা বোঝা যায়নি। এমন ঘটনা যদিও নতুন নয়। দুই বছরের মধ্যে এ নিয়ে তিন বার হাওড়া ব্রিজের মাথায় কেউ উঠে পড়ার ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, হাওড়ার গঙ্গার ঘাটের দিকে ব্রিজের যে তিন নম্বর পিলার রয়েছে, সেদিক দিয়েই ওই দিন উঠেছিলেন ওই যুবক।

পুলিশ জানায়, ব্রিজের মাথায় উঠে পড়া ওই যুবকের বাড়ি বিহারের বক্সারে। তাকে উদ্ধারের পর চিকিৎসার জন্য হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই যুবক বিভিন্ন অসংলগ্ন কথা বলছেন বলে দাবি তদন্তকারীদের।

ad

পাঠকের মতামত