কুকুরের মুখ থেকে রক্ষা পেল নবজাতক!
রাস্তার পাশে পলিথিনে মোড়ানো সদ্য ভূমিষ্ঠ এক শিশু। কয়েকটি কুকুর শিশুটিকে টানা হেঁচড়া করছিল। বিষয়টি দেখে প্রাতঃভ্রমণে আসা স্থানীয় বাসিন্দা হুমায়ূন মাস্টার এগিয়ে যান। পরে তিনি কুকুরটিকে তাড়িয়ে শিশুটিকে উদ্ধার করেন। বুধবার ভোরে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার উয়ার্শী ইউনিয়নের কররা কাওয়ালজানী গ্রামে এ ঘটনা ঘটে।
বর্তমানে শিশুটি ওই গ্রামের বেনজির আহমেদের বাড়িতে সুস্থ ও নিরাপদে রয়েছে। এ ঘটনা জানাজানি হলে স্থানীয় উৎসুক লোকজন শিশুটিকে দেখার জন্য ওই বাড়িতে ভিড় করছেন।
কররা কাওয়ালজানী গ্রামের বাসিন্দা মির্জাপুর বিশ্ববিদ্যালয় কলেজের শারীরিক শিক্ষক সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কে বা কারা রাতে সদ্য ভূমিষ্ঠ শিশুটিকে রাস্তার পাশে পলিথিনের ব্যাগে ফেলে রেখে যায়। বিষয়টি মির্জাপুর থানা পুলিশকে জানানো হয়েছে।
এ ব্যাপারে মির্জাপুর থানা ওসি এ কে এম মিজানুল হক বলেন, বিষয়টি আমি জানতে পেরেছি। খোঁজ নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




