মাশরাফিদের জন্য নির্মিত হচ্ছে ৬০-৭০ হাজার দর্শক ধারণ ক্ষমতার এক আধুনিক স্টেডিয়াম
স্পোর্টস ডেস্ক: রাজধানীর পূর্বাচলে নতুন ক্রিকেট স্টেডিয়াম তৈরির আলোর মুখ দেখতে যাচ্ছে বাংলাদেশ। পূর্বাচলের নতুন ক্রিকেট স্টেডিয়াম নিয়ে বিসিবি সভাপতি আশ্বাস দিয়েছেন, আগামী সপ্তাহের মধ্যেই কাজ শুরু হবে। মাশরাফিদের জন্য নির্মিত হচ্ছে ৬০-৭০ হাজার দর্শক ধারণ ক্ষমতার এক আধুনিক স্টেডিয়াম।
ঢাকার পূর্বাচল নতুন শহরে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামসহ একটি পূর্ণাঙ্গ ক্রীড়া কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। পূর্ণাঙ্গ ক্রিকেট আর্কাইভ তৈরি করা হবে এই নতুন ভেন্যুতেই। নতুন এই স্টেডিয়ামে আসন সংখ্যা হবে ৬০-৭০ হাজার।
নতুন ক্রিকেট স্টেডিয়াম তৈরির দায়িত্ব আপাতত জাতীয় ক্রীড়া পরিষদের অধীনে থাকলেও বিসিবি পরিকল্পনা করেছেন নিজ দায়িত্বে করার। যদি বিসিবির কাছে স্টেডিয়ামটির জায়গা বিনামূল্যে বা প্রতীকি মূল্যে স্থানান্তর করা হয়। শনিবার বাংলাদেশ ভলিবল ফেডারেশনের এক অনুষ্ঠানে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন,
‘স্টেডিয়ামটি কেমন হবে সেটার ডিজাইন আমরা ফাইনাল করে ফেলেছি। আশা করছি দুই সপ্তাহের মধ্যে কাজ শুরু করতে পারবো। জাতীয় ক্রীড়া পরিষদ করার কথা। কেননা এটা অনেক ব্যয়বহুল হবে। শুধু জায়গাটা যদি আমরা পাই তাহলে পুরো কমপ্লেক্সের টাকা সরকারের কাছ থেকে নেব না। নিজেদের অর্থায়নে করবো। সেটা তখনই সম্ভব যখন বিনামূল্যে বা প্রতীকি মূল্যে জায়গা বরাদ্দ দেয়া হয়।’
২০১৫ সালে দেশের মাটিতে অনুষ্ঠিত ওয়ানডে সিরিজে বাংলাদেশ পাকিস্তানকে ধবলধোলাই করার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দেন পূর্বাচলে গড়ে তোলা হবে একটি অত্যাধুনিক ক্রিকেট স্টেডিয়াম। যেটির দর্শক ধারণক্ষমতা হবে ৬০-৭০ হাজার।
ক্রিকেট কমপ্লেক্সটির নাম ‘শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট কমপ্লেক্স’ করা হবে বলে জানা গেছে। রাজউকের পূর্বাচল মডেল টাউনে তৈরি হতে যাওয়া এই স্টেডিয়ামে থাকবে পর্যাপ্ত পার্কিং ব্যবস্থা, আর রাখা হবে না কোন দোকানপাটের ঝামেলা।




