স্মিথ-বেনক্রাফটকে লঘু শাস্তিই দিল আইসিসি!
সদ্য সাবেক হওয়া অধিনায়ক স্টিভেন স্মিথের নেতৃত্ব ও পরিকল্পনায় যত বড় লজ্জাজনক ঘটিয়েছে অস্ট্রেলিয়ান ক্রিকেট দল, সে তুলনায় শাস্তিটা একটু কমই হয়ে গেল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউন টেস্টের তৃতীয় দিন বল টেম্পারিংয়ের অভিযোগে ক্যামেরন বেনক্রাফট এবং পরিকল্পনা সাজানোর দায়ে স্টিভেন স্মিথের বিরুদ্ধে আজ রবিবার শাস্তি ঘোষণা করেছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি।
এতে আইসিসির কোড অব কনডাক্টের ২.২.১ ধারা অনুসারে স্মিথকে ম্যাচ ফির ১০০ পারসেন্ট জরিমানা এবং এক ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে। এ কারণে স্মিথ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চতুর্থ তথা শেষ টেস্টে খেলতে পারবেন না। আর বল টেম্পারিং যার হাত দিয়ে হয়েছে, সেই ওপেনার ক্যামেরন বেনক্রাফটকে কোড অব কনডাক্টের ২.২.৯ ধারা অনুসারে ম্যাচ ফির ৭৫ পারসেন্ট জরিমানা এবং ৩টি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে।
শাস্তি ঘোষণার পর আইসিসির প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসন এক বিবৃতিতে বলেছেন, ‘আইসিসি ক্রিকেট থেকে এমন নোংরামি দূর করতে বদ্ধপরিকর। ক্রিকেটে আমরা সৌন্দর্য দেখতে চাই। কিন্তু গত কিছুদিন ধরে ক্রিকেট মাঠে ধাক্কাধাক্কি-কথার লড়াই-একে অপরের দিকে তেড়ে যাওয়ার মত ঘটনা ঘটছে। যার সর্বশেষ সংযোজন বল টেম্পারিং। খেলায় জয়-পরাজয় বড় ব্যাপার, কিন্তু সেটা ক্রিকেটের স্পিরিট নষ্ট করে অন্যায় পথে নয়।’
আইসিসির টুইটার অ্যাকাউন্টে এই সাজার খবরটি প্রকাশের পর সারাবিশ্বের ক্রিকেটপ্রেমীরা এর সমালোচনা করছেন। তাদের মতে, যেভাবে দলীয় পরিকল্পনা করে প্রতারণার চেষ্টা করা হয়েছে তাতে আরও বড় শাস্তি হওয়া উচিত ছিল। ইতিমধ্যেই অস্ট্রেলিয়ার ক্ষমতাসীন সরকারের নির্দেশে স্মিথ-ওয়ার্নারকে নেতৃত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে বলা হচ্ছে, তারা স্বেচ্ছায় অব্যাহতি দিয়েছেন। ঘটনা তদন্তে ক্রিকেট অস্ট্রেলিয়ার একটি দল এসেছে দক্ষিণ আফ্রিকায়।




