সন্ধ্যায় ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ
বাংলাদেশ ও ভারতের সাম্প্রতিক সব ম্যাচের আগেই দর্শক সমর্থকদের মাঝে ছড়িয়েছে উত্তেজনা, প্রতিদ্বন্দ্বিতার ঝাঁজ। তবে নিদাহাস ট্রফির বৃহস্পতিবারের ম্যাচটি ব্যতিক্রম। শুরুর আগে তেমন উত্তেজনা ছড়ায়নি। হয়ত দুই দলের সাম্প্রতিক পারফরম্যান্সে যোজন যোজন পার্থক্যই এর কারণ। কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে সাতটায় টি-টুয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে দলদু’টি।
টি-টুয়েন্টি বিশ্ব র্যাঙ্কিংয়ে ভারত ও বাংলাদেশের অবস্থান যথাক্রমে ৩ ও ১০ নম্বরে। এ থেকেই বোঝা যায় দুই দলের শক্তির পার্থক্য। এই ফরম্যাটের ক্রিকেটে বাংলাদেশ সর্বশেষ জিতেছিল পাঁচ ম্যাচ আগে, গত বছরের এপ্রিলে। তবে সর্বশেষ জয় কলম্বোর এই মাঠটিতেই, স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে। তাই প্রবল প্রতিপক্ষ ভারতের বিপক্ষে কিছুটা আশার আলো দেখতেই পারে বাংলাদেশ।
আর ভারত সর্বশেষ টি-টুয়েন্টি সিরিজ হেরেছে গত বছরের জুলাইতে, ওয়েস্ট ইন্ডিজ সফরে। অবশ্য সিরিজটিও ছিল এক ম্যাচের। নিদাহাস ট্রফিতে দুই প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও বাংলাদেশের তুলনায় অনেক এগিয়ে আছে তারা। সেজন্যই দলটি নিশ্চিন্তে বিশ্রাম দিতে পেরেছে নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনি সহ পাঁচ গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে। তবে প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে পাঁচ উইকেটে হেরেছে ভারত। এটাই কিছুটা ব্যাকফুটে ঠেলে দিয়েছে দলটিকে। তারা নিশ্চয় চাইবে বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি দিয়ে জয়ের ধারায় ফিরতে।




