‘আমাদের সামনে থেকে কাপড়-চোপড় ছিঁড়ে তাকে নিয়ে গেছেন’
বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে অনুপ্রবেশ ঘটিয়ে সাদা পোশাকধারীরা অশান্তি সৃষ্টি করছে বলে অভিযোগ করেছে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দলীয় নেতা-কর্মীদের মাঝে সাধারণ পোশাকে ঢুকে আমাদের সঙ্গে স্লোগান দিয়ে আবার আমাদের নেতা-কর্মীদের আটক করেছে।
বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির মহাসচিব মিজা ফখরুল ইসলাম আলমগীর।
এসময় মির্জা ফখরুল দলের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে পুলিশি হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আগামী শনিবার (১০ মার্চ) ঢাকা মহানগীরর থানায় থানায় বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন।
ফখরুল বলেন, তারা মুখে গণতন্ত্রের কথা বলে। তারা শান্তিপূর্ণ কর্মসূচিতে নাকি বাধা দেন না। অথচ আজকের আমাদের চেয়ারপারসনের মুক্তির দাবিতে শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ হামলা চালিয়েছে। এসময় সিনিয়র নেতা-কর্মীরা পড়ে গেছেন।
সরকার অশান্তি সৃষ্টি করছে জানিয়ে তিনি বলেন, চেয়ারপারসনকে সাজা দেয়ার পর থেকে প্রতিটি কর্মসূচি আমরা শান্তিপূর্ণভাবে করছি। এই দেখে আওয়ামী লীগের গাত্রদাহ হচ্ছে। তাই আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা করে অশান্তির সৃষ্টি করছে।
গত কয়েকদিনে গ্রেফতারকৃত নেতাদের নাম উল্লেখ করে ফখরুল বলেন, আমাদের ছাত্রদলের নেতা রাজকে যেভাবে গ্রেফতার করেছে তা পৃথিবীর কোথাও করা হয় না। এটা শুধুমাত্র হিটলারের সময়ে হয়েছে। আমাদের সামনে থেকে কাপড়-চোপড় ছিঁড়ে তাকে নিয়ে গেছেন। এছাড়া গত-পরশু প্রোগ্রাম শেষে শফিউল বারি বাবুকে প্রেসক্লাবের ভেতর থেকে পিস্তল উঁচিয়ে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
দেশে ভীতির পরিবেশ তৈরি হয়েছে জানিয়ে তিনি বলেন, এই যে ব্যবস্থা সরকার সৃষ্টি করলো তা থেকে ফিরে আসা খুবই দূরহ ব্যাপার হয়ে দাঁড়াবে। সমস্ত জায়গায় একটা ভীতির পরিবেশ তৈরি হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, নির্বাহী কমিটির সদস্য আব্দুস সালাম প্রমুখ।




