205504

‘আমি বেঁচে আছি’

আমি এখন সুস্থ আছি। আমার হার্টে একটি রিং পরানো হয়েছে। এখন ডাক্তারের পরামর্শে চিকিৎসা চলছে। হঠাৎ আমার কাছে প্রচুর ফোন আসছে। কে বা কারা গুজব ছড়িয়েছে আমি নাকি মারা গেছি।

যারা এসব গুজব ছড়াচ্ছেন তাদের উদ্দেশে বলছি। আল্লাহ যেন আপনাদের সুস্থ রাখেন। আপনারা এমন পাপ কাজ থেকে নিজেদের বিরত রাখুন। আর এধরনের গুজব ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করবেন না। সবাই দোয়া করবেন যেন দ্রুত সুস্থ হয়ে আপনাদের মাঝে ফিরতে পারি। বৃহস্পতিবার দুপুরে ফেসবুক লাইভে এসে এসব কথা বলছিলেন এক সময়ের জনপ্রিয় নায়ক ওমর সানি।

গত সোমবার সকালে অসুস্থ হয়ে পড়লে চেকআপের জন্য হাসপাতালে যান ওমর সানি। ওই সময় চিকিৎসকের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তার হার্টে চারটি ব্লক ধরা পড়ে। অস্ত্রোপচারের মাধ্যমে সেদিন রাতেই ওমর সানির হার্টের রক্তনালিতে রিং পরানো হয়।

এখন তিনি ভালো আছেন। বুধবার বিকেলে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন ওমর সানি। এসময় ওমর সানীর সঙ্গে ছিলেন তার স্ত্রী মৌসুমী ও ছেলে ফারদিন।

নব্বইয়ের দশকে তুমুল জনপ্রিয় ছিলেন ওমর সানি। চাঁদের আলো, কুলি, দোলাসহ অসংখ্য ব্যবসা সফল ছবি উপহার দিয়েছেন তিনি। এখনও দাপটের সঙ্গে চলচ্চিত্রে অভিনয় করছেন তিনি।

ad

পাঠকের মতামত