লন্ডনে সৌদি যুবরাজের বিরুদ্ধে ব্যতিক্রমী প্রতিবাদ
সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমানের যুক্তরাজ্য সফরের প্রতিবাদে লন্ডনে ব্যতিক্রমী প্রতিবাদ ও বিক্ষোভ করেছেন আরবের কয়েকটি দেশের হাজারও নাগরিক। ইয়েমেনে সৌদি আগ্রাসনে ব্যাপক হত্যাযজ্ঞ ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় তারা ক্ষোভ প্রকাশ করে শ্লোগান দেন।
মঙ্গলবার তিনদিনের সফরে পৌঁছান সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমান। ইয়েমেনে সৌদি আগ্রাসনের বিষয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে সৌদিকে অব্যাহতভাবে সমর্থন দিয়ে যাচ্ছেন।
বিমানবন্দরে যুবরাজ মুহাম্মাদকে স্বাগত জানান ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন।
এ সফরে যুবরাজের ব্রিটেনের সঙ্গে অর্থনীতি, শিক্ষা, সংস্কৃতি, প্রতিরক্ষা এবং নিরাপত্তা বিষয়ে সহযোগিতা নিয়ে আলোচনা করার কথা রয়েছে।
ব্রিটেনে যুবরাজের সফর নিয়ে ব্রিটিশ সংসদেও তুমুল বিতর্ক হয়েছে। বিরোধী লেবার দলের নেতা জেরেমি করবিন বুধবার পার্লামেন্টে বলেছেন, সৌদি আরব ইয়েমেনে যেভাবে মানবাধিকার লঙ্ঘন করছে তাতে প্রধানমন্ত্রীর উচিত যুবরাজের কাছে প্রতিবাদ করা। জবাবে থেরেসা মে বলেছেন, সৌদি আরবের সঙ্গে ব্রিটেনের সম্পর্ক হচ্ছে ঐতিহাসিক এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এই সম্পর্কের কারণে ব্রিটেনের শত শত নাগরিকের জীবন রক্ষা পেয়েছে। পার্লামেন্টে থেরেসা মে’র এই বক্তব্যে বিরোধী সংসদ সদস্যরা বাধা দেন এবং ‘শেইম’ বলে চিৎকার করতে থাকেন।




