ভিডিওবার্তায় দোয়া চাইলেন ওমর সানী
অনেকটা বিনা মেঘে বজ্রপাতের মতো দিন দুয়েক আগে ছড়িয়ে পড়ে ওমর সানীর অসুস্থতার খবর। অস্ত্রোপচারের পর এ নায়ক বর্তমানে শঙ্কামুক্ত। ভিডিওবার্তায়ে চাইলেন দোয়া।
বুধবার দুপুরে হাসপাতালের বেড থেকে ফেসবুক লাইভে আসেন ‘প্রথম প্রেম’-খ্যাত ওমর সানী।
সুস্থতার জন্য আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানান নায়ক। জানান, আরো বেশি বিপদ হতে পারত।
আরো বলেন, ‘আমি তাড়াতাড়ি আপনাদের মাঝে ফিরে আসব, কাজ শুরু করব ইনশাল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করেছেন। আরও দোয়া করবেন। আমার দুই সন্তান আর স্ত্রীর জন্যও আপনাদের কাছ দোয়া চাই।’
হার্টে ব্লক ধরা পড়লে সোমবার রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হন ওমর সানী। অস্ত্রোপচার করে হার্টে দুটি রিং পড়ানো হয়।
এ নিয়ে তার ছেলে ফারদিন এহসান বলেন, ‘বাবা এখন শঙ্কামুক্ত আছেন। হার্টে আরো দুটি রিং দুই কিংবা তিন মাস পরে করলেও হবে। টানা কিছুদিন বাবাকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসক।’
জানা গেছে, ওমর সানীকে বুধবার বিকেলে বাসায় নেওয়া হবে।
নব্বই দশকের অন্যতম জনপ্রিয় নায়ক ওমর সানী। শুধু নায়ক নয়, খলনায়ক হিসেবেও তার অভিনয়ের প্রশংসা করেছেন চলচ্চিত্র সমালোচকরা।
ওমর সানী অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো— চাঁদের আলো, কুলি, এই নিয়ে সংসার, আত্মঅহংকার, মহৎ, প্রথম প্রেম, দোলা ও আখেরি হামলা। বর্তমানে তার হাতে রয়েছে আধা ডজনের মতো সিনেমা। পাশাপাশি বিজ্ঞাপনেও দেখা যায় তাকে।




