হাসপাতালে জাফর ইকবাল, যা বললেন স্ত্রী ইয়াসমিন হক
যখন তার ওপর হামলা হয়, তখন তিনি আমাকে ফোনে সেই খবর জানান বলে জানিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের স্ত্রী অধ্যাপক ড. ইয়াসমিন হক।
ইয়াসমিন হক জানান, তিনি আমাকে বলেন, আমি চাই না তুমি টিভি-মিডিয়ার মাধ্যমে সংবাদ পাও। অনেক ব্লিডিং হচ্ছে। পরে যদি কথা বলতে না পারি, সেজন্য তোমাকে ফোন দিয়েছি। আমি পুরোপুরি ভালো আছি।
শিক্ষার্থীদের উদ্দেশে ইয়াসমিন হক বলেন, জাফর ইকবাল আমাকে বলেছেন, তিনি ভালো আছেন। তিনি শিক্ষার্থীদের উত্তেজিত না হওয়ার আহ্বান জানিয়েছেন। তাকে এখন পর্যবেক্ষণে রাখা হয়েছে। সবাই তার জন্য দোয়া করবেন, যাতে তিনি দ্রুত আবার আমাদের মাঝে ফিরে আসতে পারেন।
রবিবার (৪ মার্চ) ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
ইয়াসমিন হক আরও বলেন, এখানে তার ঠিকমতো চিকিৎসা হচ্ছে। এখানকার চিকিৎসকদের প্রতি আমাদের আস্থা আছে। তাকে বিদেশে নেওয়ার প্রয়োজন নেই।
হামলার বিষয়ে তিনি বলেন, দীর্ঘদিন থেকেই আমরা পুলিশের নিরাপত্তায় আছি। এ মুহূর্তে আমি প্রশাসন কিংবা সরকারকে দোষারোপ করতে চাই না। তাদের সর্বাত্মক সহযোগিতা ছিল।
এসময় সিএমএইচে জাফর ইকবালকে বিরক্ত না করার জন্য সবার প্রতি অনুরোধও জানান তিনি।
উল্লেখ্য, গতকাল (৩ মার্চ) বিকালে শাবিপ্রবি ক্যাম্পাসে অনুষ্ঠান চলাকালে ড. মুহম্মদ জাফর ইকবালকে পেছন থেকে মাথায় ছুরিকাঘাত করে ফয়জুর রহমান ফয়জুল নামে এক তরুণ।
হামলার পরপরই তাকে আটক করে গণপিটুনি দিয়ে বিশ্ববিদ্যালয়ের একটি কক্ষে আটকে রাখে শিক্ষার্থীরা। পরে রাত নয়টায় হামলাকারী ফয়জুরকে র্যাব সদস্যরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করে।




