পেশোয়ারের ১০ উইকেটের জয় তামিম-আকমলের ব্যাটে
স্পোর্টস ডেস্ক।।
পাকিস্তান সুপার লিগে লাহোর কালান্দার্সকে ১০ উইকেটে হারিয়েছে তামিম ইকবালের দল পেশোয়ার জালমি। দুই ওপেনার তামিম ইকবাল এবং কামরান আকমলের নিরবিচ্ছিন্ন ১০৪ রানের জুটিতে ৩৮ বল হাতে রেখেই জয় পায় পেশোয়ার। তামিম ৩৫ বলে ৩৭ রানে এবং আকমল ৪৭ বলে ৫৭ রানে অপরাজিত থাকেন।
চারটি চারের মার ছিল তামিম ইকবালের ইনিংসে আর আকমল খেলেন ৭ চার ও ২ ছক্কার দারুণ এক ইনিংস। এই দুজনের ব্যাটিংয়ে জয়ের বন্দরে পৌঁছে যাওয়ায় আর কোনো ব্যাটসম্যানকে মাঠে নামতে হয়নি।
এর আগে লিগের ১৪তম ম্যাচ খেলতে নেমে পেশোয়ারে বোলারদের তোপের মুখে পরে লাহোরের ব্যাটসম্যানরা। মাত্র ১৭.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে সমান ১০০ রান তোলে ম্যাককালামের দল। ওপেনার ফখর জামান সর্বোচ্চ ১৭ বলে ৩০ রান করেন।
লিয়াম ডসন ২০ রানে এবং হাসান আলি ২২ রানে ৩টি করে উইকেট তুলে নেন। ওহাব ১৪ রান দিয়ে নেন ২ উইকেট।
সংক্ষিপ্ত স্কোরঃ
লাহোর কালান্দার্সঃ ১০০ (১৭.২ ওভার); ফখর ৩০, ম্যাককালাম ১৫, উমর আকমল ১৫; ডসন ৩/২০, আলি ৩/২২, রিয়াজ ২/১৪
পেশোয়ার জালমিঃ ১০৪/০ (১৩.৪ ওভার); কামরান আকমল ৫৭, তামিম ৩৭
ফলঃ পেশোয়ার ১০ উইকেটে জয়ী
ম্যান অব দা ম্যাচঃ লিয়াম ডসন




