‘ওকে আছি’ বলেই ভাই জ্ঞান হারান: আহসান হাবীব
হামলার পরপরই সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জাফর ইকবালকে এমএজি ওসমানী হাসপাতালে নেয়া হয়।
সেখানে কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের এই অধ্যাপক জানান, তিনি ওকে আছেন। নিজেকে ধরে রাখতে পারবেন। এরপরই অধ্যাপক জাফর ইকবাল জ্ঞান হারিয়ে ফেলেন বলে জানিয়েছেন তার ছোট ভাই লেখক ও কার্টুনিস্ট আহসান হাবীব।
চিকিৎসকদের বরাত দিয়ে তিনি পরিবর্তন ডটকমকে বলেন, ‘ভাইয়ের শারীরিক অবস্থার বিষয়টি এখনও পরিষ্কার নয়। প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। এজন্য চিকিৎসকরা এখনও কিছু বলতে পারছেন না।’
আহসান হাবীন ভাইয়ের সুস্থতা কামনা করে সবাইকে দোয়া করার অনুরোধ জানান।
প্রসঙ্গত, অধ্যাপক জাফর ইকবালের বড় ভাই ছিলেন নন্দিত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদ। এই পরিবারের মেজ ছেলে জাফর ইকবাল। আর ছোট ছেলে আহসান হাবীব।
এর আগে শনিবার বিকেল পাঁচটা ৩৫ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে ড. জাফর ইকবালকে পেছন থেকে ছুরিকাঘাত করেন এক যুবক। অনুমানিক ২৫ বছর বয়সী ওই যুবক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নন বলে জানা গেছে।
হামলার পরই উত্তেজিত শিক্ষার্থীরা হামলাকারীকে ধরে গণপিটুনি শেষে পুলিশে সোপর্দ করেন। আর অধ্যাপক জাফর ইকবালকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।




