204065

উত্তাল শাবি, ঢাকাতেও বিক্ষোভ

সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালকে ছুরিকাঘাতের প্রতিবাদে ফুঁসে উঠেছেন শিক্ষার্থীরা। ঘটনার পরপরই ক্যাম্পাসে উত্তেজনা দেখা দেয়। শিক্ষার্থীরা দফায় দফায় বিক্ষোভ করেছেন। এছাড়া সড়ক অবরোধ করে রেখেছেন।অধ্যাপক জাফর ইকবালকে ছুরিকাঘাতের খবরে রাজধানীতেও বিক্ষোভ হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগে অবস্থান নেন।

এর আগে শনিবার বিকেল পাঁচটা ৩৫ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে ড. জাফর ইকবালকে পেছন থেকে ছুরিকাঘাত করেন এক যুবক। অনুমানিক ২৫ বছর বয়সী ওই যুবক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নন বলে জানা গেছে।

হামলার পরই উত্তেজিত শিক্ষার্থীরা হামলাকারীকে ধরে গণপিটুনি শেষে পুলিশে সোপর্দ করেন। তবে পুলিশ শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে তাকে নিয়ে থানায় যেতে পারেনি। শিক্ষাভবন-১ এ তাকে আটকে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

পরে বিক্ষুব্ধ কয়েক হাজার শিক্ষার্থী হামলাকারীকে আনার জন্য শিক্ষাভবনের কলাপসিবল গেট ভেঙে ফেলেন। এ সময় পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয়।

অধ্যাপক জাফর ইকবালকে ছুরিকাঘাতের খবরে সন্ধ্যা সাতটা থেকে ক্যাম্পাসের শিক্ষার্থীরা সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। এর ফলে গুরুত্বপূর্ণ এই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

এ ব্যাপারে সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (সাউথ) জ্যোতির্ময় সরকার তপু পরিবর্তন ডটকমকে বলেন, ‘ক্যাম্পাসের পরিবেশ স্বাভাবিক রাখতে আমরা চেষ্টা করছি। বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।’

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা জানান, সম্প্রতি র্যা গিংয়ের অভিযোগে বিশ্ববিদ্যালয়ের ১৯ শিক্ষার্থীকে বহিষ্কার এবং বিভিন্ন মেয়াদে শাস্তি দেয়া হয়েছে। এ বিষয়ে তিনি গতকাল শুক্রবার বলেছিলেন- র্যা গিংয়ের ঘটনায় শাস্তির মেয়াদ আরও বাড়ানো উচিত।

তবে ঠিক এ ঘটনায় না রাজনৈতিক কারণে তার ওপর হামলার ঘটনা ঘটেছে, তা জানাতে পারেননি তারা।

এর আগে ২০১৬ সালের অক্টোবরে অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল ও তার স্ত্রী একই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ইয়াসমিন হককে হত্যার হুমকি দিয়ে মোবাইলে এসএমএস পাঠানো হয়।

আনসারুল্লাহ বাংলা টিম এই হত্যার হুমকি দিয়েছিল জানিয়ে, তারা সিলেটের জালালাবাদ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন।

ad

পাঠকের মতামত