বিএনপি ক্ষমতায় এলে রোহিঙ্গাদের মতো অবস্থা হবে আ.লীগের: কামরুল
নিউজ ডেস্ক।।
বিএনপি ক্ষমতায় এলে আওয়ামী লীগ নেতাকর্মীদের অবস্থা বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর মতো হবে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।বৃহস্পতিবার ঐতিহাসিক ৭ মার্চ ঢাকার জনসভা সফল করার লক্ষ্যে কামরাঙ্গীরচরের রসুলপুরে থানা আওয়ামী লীগ আয়োজিত প্রস্তুতি সভায় তিনি একথা বলেন।
খাদ্যমন্ত্রী বলেন, ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত তারা যা করেছে, আবারও যদি তারা রাষ্ট্রক্ষমতায় আসে, তাহলে রোহিঙ্গাদের মতো আমাদের পরবাসী হতে হবে। বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়, আওয়ামী লীগের নেতাকর্মীরা, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষরা, প্রগতিশীল মানুষ, প্রগতিশীল লেখক, প্রগতিশীল রাজনীতিবিদ যাঁরা, তাদেরকে বিএনপি এ দেশে শান্তিতে বসবাস করতে দেবে না।
বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে কামরুল ইসলাম বলেন, খালেদা জিয়া নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন কি পারবেন না, এটা আদালতের সিদ্ধান্তের বিষয়। খালেদা জিয়া কখন জামিনে মুক্ত হয়ে আসবেন, এটা আদালতের সিদ্ধান্তের বিষয়। অহেতুক কথাবার্তা বলে, মিথ্যা কথাবার্তা বলে জনগণকে বিভ্রান্ত করা থেকে বিরত থাকুন। বরং নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করুন।
এ সময় আরও উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাত, সাধারণ সম্পাদক মো. শাহে আলম মুরাদ প্রমুখ।




