202814

কাদেরকে হয়তো ‘রাজনীতি’ শেখাতে পারিনি: এমাজউদ্দিন

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ‘রাজনৈতিক অপরিপক্ষতায়’ আক্ষেপ প্রকাশ করেছেন তার এক সময়ের শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যাল‌য়ের সা‌বেক ভি‌সি, বিএনপিপন্থি বুদ্ধিজীবী ও পেশাজীবী নেতা অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ।

তিনি বলেছেন, ‘আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন বিএনপিকে ঘরের মধ্যে রাজনীতি করতে। সে হয়তো জানে না রাজনীতি সব জায়গাতে হয় না। সে আমার ছাত্র ছিলো। আমি হয়তো তাকে রাজনীতি শেখাতে পারিনি। তাই এ মুহূর্তে তার কথা শুনে থাকাই ভালো।’

বিএনপিকে ঘরে কিংবা অফিসে বলে রাজনীতি করতে ওবায়দুল কাদেরের দেয়া পরামর্শের প্রতিক্রিয়ায় সোমবার (২৬ ফেব্রয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনায় এ কথা বলেন এমাজউদ্দিন।

‘খালেদা জিয়ার বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসা ও সংকটে আগামী জাতীয় নির্বাচন’ শীর্ষক গোলটেবিল আলোচনার আয়োজন করে স্বাধীনতা অধিকার আন্দোলন।

কাদেরের এই বক্তব্যের প্রতিক্রিয়ায় এমাজউদ্দিন আরও বলেন, ‘আমার এককালীন ছাত্র আওয়ামী লীগের সেক্রেটারি জেনারেল, তিনি বলেছেন- ঘরের মধ্যে থেকে রাজনীতি করেন অথবা অফিসে বসে রাজনীতি করেন। অফিসে বসে যে রাজনীতি হয় না, ঘরের মধ্যে থেকে যে রাজনীতি হয় না- এখন এই তরুণকে আমি কেমন করে শেখাব? শেখাতে পারিনি হয়ত, এ আমারই ব্যর্থতা।’

নির্বাচন প্রসঙ্গে সাবেক এই ভিসি বলেন, ‘প্রধামমন্ত্রী যতই বলুক কাউকে ভোটে আনার দায়িত্ব সরকারের নয়। আগামী জাতীয় সংসদ নির্বাচনে নিরপেক্ষতা ও সবার অংশগ্রহণের পরিবেশ প্রধানমন্ত্রীকেই তৈরি করতে হবে। আর এটা না করে নির্বাচন ব্যবস্থায় যাওয়া যাবে না।’

বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে ঢাবির সাবেক এ ভিসি বলেন, ‘এখন আর কারো জেলে যাওয়ার দরকার নাই। শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে সামনের দিকে এগিয়ে যেতে হবে। কোনো সংঘাতে জড়ানো যাবে না।’

সংগঠনের সভাপতি কাজী মনিরুজ্জামান মনির সভাপতিত্বে গোটটেবিল আলোচনায় বক্তব্য দেন লিবা‌রেল ডে‌মো‌ক্রে‌টিক পা‌র্টির সভাপ‌তি অলি আহমদ, কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. রফিকুল ইসলাম, এলডিপির যুগ্ম সম্পাদক শাহাদাত হোসেন সেলিম ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতউল্লাহ্ প্রমুখ।

সূত্র: ব্রেকিংনিউজ

ad

পাঠকের মতামত