200557

সোমবার রাতেই চালু হচ্ছে ফোরজি

সোমবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে গ্রামীণফোন, রবি, বাংলালিংক ও টেলিটকের কাছে তুলে ফোরজি নেটওয়ার্ক লাইসেন্স তুলে দেবে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। রাজধানীর ঢাকা ক্লাবের অনুষ্ঠানে চতুর্থ প্রজন্মের নেটওয়ার্কটির লাইসেন্স হাতে পাওয়ার ১৫ মিনিটের মধ্যেই সেবা চালু করবে দেশের সবচেয়ে বড় মোবাইল অপারেটর গ্রামীণফোন।

প্রথম ধাক্কায় ঢাকার গুলশান, বনানী, উত্তরা, ধানমণ্ডিসহ আশপাশের কয়েকটি এলাকায় ফোরজি সেবা চালু করবে। ঢাকার সঙ্গে অন্য যেকোনো একটি বিভাগীয় শহরে এই সেবা চালু করবে অপারেটরটি। ঢাকার পাশাপাশি সেই শহর হতে পারে চট্টগ্রাম বা সিলেট। তবে এখনো নির্দিষ্ট করে কোনো শহরের কথা বলেনি গ্রামীণফোন।

রবিবার রাজধানীর একটি হোটেলে ফোরজি সাপোর্ট করে এমন কো-ব্র্যান্ডেড হ্যান্ডসেট উন্মোচন অনুষ্ঠানে এসব কথা জানান গ্রামীণফোনের প্রধান নির্বাহী মাইকেল ফোলি।

সংবাদ সম্মেলনে সারা দেশে ফোরজি সেবা কতোদিনের মধ্যে চালু হতে পারে এমন প্রশ্নের জবাবে ফোলি বলেন, সারা দেশে থ্রিজি সেবা চালু করতে আমরা যতোটুকু সময় নিয়েছি, তার চেয়ে অনেক কম সময়েই ফোরজি সেবা চালু করতে পারবো। ফোরজি সেবা চালু করার জন্য প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন চলছেই বলে জানান ফোলি।

বিটিআরসি কর্মকর্তারা জানান, গ্রামীণফোন শুধু এক হাজার ৮০০ মেগাহার্টজ তরঙ্গে এবং বাংলালিংক দুই হাজার ১০০ মেগাহার্টজ ও এক হাজার ৮০০ মেগাহার্টজ তরঙ্গ নিলামে অংশ নিচ্ছে। দুটি ব্র্যান্ডে নিলামে অংশ নিতে বাংলালিংক ৩০০ কোটি টাকা এবং গ্রামীণফোন একটি ব্র্যান্ডে অংশ নিতে ১৫০ কোটি টাকা বিড আর্নেস্ট মানি হিসেবে জমা দিয়েছে।

ফোর-জি সেবার জন্য টেলিটক, সিটিসেল, বাংলালিংক, গ্রামীণফোন ও রবি আবেদন করেছিল। আর তরঙ্গ নিলামের জন্য বাংলালিংক, গ্রামীণফোন, রবি ও সিটিসেল আবেদন জমা দেয়। তবে শেষ পর্যন্ত দুটি অপারেটর নিলামে অংশ নিয়েছে।

অপারেটর সূত্রে জানা গেছে, থ্রি-জির তুলনায় ফোর-জি ইন্টারনেটের গতি হবে কমপক্ষে দ্বিগুণ।

যুক্তরাজ্যভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান ওপেন সিগন্যালের তথ্য অনুযায়ী, বর্তমানে বাংলাদেশে থ্রি-জি ইন্টারনেটের গড় গতি ৩ দশমিক ৭৫ এমবিপিএস (মেগাবিটস প্রতি সেকেন্ড)। আর বিশ্বে ফোর-জি প্রযুক্তির গড় গতি ১৬ দশমিক ৬ এমবিপিএস। ভারতে ফোর-জির গড় গতি বর্তমানে ৬ দশমিক ১৩ এমবিপিএস। পাকিস্তান, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, থাইল্যান্ডের মতো দেশে ফোর-জির গতি ৯ থেকে ১৪ এমবিপিএসের মধ্যে। ফোর-জি গতিতে বিশ্বে সবচেয়ে এগিয়ে থাকা দুই দেশ হলো সিঙ্গাপুর ও দক্ষিণ কোরিয়া। বিশ্বজুড়ে ৩৮ লাখ স্মার্টফোন ব্যবহারকারীর ৫ হাজার কোটি তথ্য-উপাত্ত বিশ্লেষণের মাধ্যমে একেকটি দেশের ফোর-জি ইন্টারনেটের গতি নির্ধারণ করে ওপেন সিগন্যাল।

ad

পাঠকের মতামত