তিন দেশ ঘুরে ঢাকায় ফিরছেন শাকিব
শুটিংয়ের প্রয়োজনে প্রথমে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক যাওয়া। সেখান থেকে শো করতে যান কলকাতায়। এরপর একদিনের জন্য ঢাকায় ফিরে আবার ছুটে যান সুদূর অস্ট্রেলিয়ায়। তিন দেশে প্রায় দুই মাস কাটিয়ে ঢাকায় ফিরছেন ঢালিউডের আলোচিত নায়ক শাকিব খান।
১৮ ফেব্রুয়ারি, রবিবার রাতের ফ্লাইটে ঢাকায় ফেরার কথা রয়েছে আলোচিত এই নায়কের।
এ বিষয়ে জানতে চাইলে অস্ট্রেলিয়ায় থাকা শাকিবের সহকারী সবুজ খান বলেন, ‘‘ঢাকায় ফিরেই কয়েক দিন বিশ্রাম নিয়ে ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্যা মাইয়া’ ছবির বাকি অংশের শুটিং শুরু করবেন শাকিব।’’
গত বছরের ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে ব্যাংককে ‘চিটাগাইংয়া পোয়া নোয়াখাইল্লা মাইয়া’র শ্যুটিংয়ে ব্যস্ত ছিলেন শাকিব খান। এরপর পশ্চিমবঙ্গে কয়েকটি শো করেন তিনি। আর সেখান থেকে ২২ জানুয়ারি দেশে ফিরে রাতের ফ্লাইটেই অস্ট্রেলিয়ায় উদ্দেশে ঢাকা ছাড়েন তিনি।
অস্ট্রেলিয়ায় আশিকুর রহমান পরিচালিত ‘সুপার হিরো’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছিলেন শাকিব। ছবিতে তার বিপরীতে অভিনয় করছেন শবনম বুবলী। অন্য শিল্পীদের মধ্যে রয়েছেন তারিক আনাম খান, তাসকিন রহমান, টাইগার রবি প্রমুখ। ছবিটি প্রযোজনা করছে হার্টবিট কথাচিত্র।‘সুপার হিরো’ ছবির চিত্রনাট্য লিখছেন দেলোয়ার হোসেন দিল।
শাকিব-বুবলী জুটি ‘বসগিরি’, ‘শুটার’, ‘অহংকার’ ও ‘রংবাজ’ ছবিগুলোতে অভিনয় করেছেন। এ ছাড়া তাদের অভিনীত ‘চিটাগাইঙ্গা পোয়া ও নোয়াখাইল্লা মাইয়া’ ছবিটির কাজ এখনো শেষ হয়নি।
উত্তম আকাশের পরিচালনায় ১৬ ফেব্রুয়ারি, শুক্রবার শাকিব-মিম জুটির আলোচিত ছবি ‘আমি নেতা হব’ সারা দেশের ১১৭টি সিনেমা হলে মুক্তি পেয়েছে। ছবিতে শাকিব-মিম ছাড়াও অভিনয় করেছেন ওমর সানি, মৌসুমী, সাদেক বাচ্চু, ডিজে সোহেল, কাজী হায়াৎ প্রমুখ। ছবিটি নিয়ে দর্শকদের মধ্যে বেশ আগ্রহ দেখা যাচ্ছে।




