199944

বিকেলে আইনজীবীদের সঙ্গে বিএনপির বৈঠক

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় কারাগারে থাকা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি এবং সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আজ শুক্রবার আইনজীবী নেতাদের সঙ্গে বৈঠক বসবে দলটি।
দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বিকেল ৫টায় বৈঠকটি অনুষ্ঠিত হবে।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শামসুদ্দীন দিদার আমাদের সময়কে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গতকাল বৃহস্পতিবার বিএনপি সমর্থিত পেশাজীবী নেতাদের সঙ্গে বৈঠক করেন দলটির সিনিয়র নেতারা। রুদ্ধদ্বার এই বৈঠকে লন্ডন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান মোবাইল ফোনের মাধ্যমে যুক্ত হন।

বৈঠকে দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার কারান্তরীণের পর দলের কর্মকৌশল কি হওয়া উচিৎ তা নিয়ে পেশাজীবী নেতারা পরামর্শ দেন। এর আগে গত বুধবার ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন বিএনপি নেতারা।

উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় গত ৮ ফেব্রুয়ারি ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মো.আখতারুজ্জামান বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ৫ বছর সশ্রম কারাদণ্ডের রায় ঘোষণা করেন। একইসঙ্গে এই মামলায় তারেক রহমানসহ পাঁচজনকে ১০ বছর করে কারাদণ্ড ও ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা করে জরিমানা করা হয়।

রায় ঘোষণার পর ওইদিনই খালেদা জিয়াকে কারাগারে পাঠানো হয়। বিএনপির পক্ষ থেকে ওইদিনই রায়ের অনুলিপি চেয়ে আবেদন করা হয়। এরপর গত ১২ ফেব্রুয়ারি অনুলিপির জন্য ৩ হাজার পৃষ্ঠা কোর্ট ফলিও স্টাম্প আদালতে দাখিল করেন খালেদার আইনজীবীরা।

দণ্ডপ্রাপ্ত বাকি চার আসামি হলেন, সাবেক এমপি কাজী সালিমুল হক কামাল ওরফে ইকোনো কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব ড. কামাল উদ্দিন সিদ্দিকী ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান। তাদের মধ্যে তারেক রহমান, কামাল সিদ্দিকী ও মমিনুর রহমান পলাতক।

ad

পাঠকের মতামত