২২ ফেব্রুয়ারি সমাবেশ করতে চায় বিএনপি
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃর্শত মুক্তির দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অথবা নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশের অনুমতি চেয়েছে দলটি। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাছে আগামী ২২ ফেব্রুয়ারি সমাবেশ করার অনুমতি চেয়ে আবেদন করেছে বিএনপি।
আজ শুক্রবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য জানান।
রিজভী বলেন, আগামী ২২ ফেব্রুয়ারি বিএনপির উদ্যোগে আমরা ঢাকায় সমাবেশ করার সিদ্ধান্ত গ্রহণ করেছি। এ জন্য অনুমতি চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে। আশা করছি আমরা এই সমাবেশের অনুমতি পাবো।
সংবাদ সম্মেলনে এ সময় উপস্থিত ছিলেন- বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, সহ-দফতর সম্পাদক মুনির হোসেন, তাইফুল ইসলাম টিপু, সহ-প্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম, নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম, নিপুন রায় চৌধুরী প্রমুখ।




