শুটিংয়েই মরতে বসেছিলেন পূজা, বাঁচালেন নায়ক!
বিনোদন ডেস্ক।।
জাজ মাল্টিমিডিয়া ও ভারতের রাজ চক্রবর্তী প্রডাকশনের যৌথ প্রযোজনায় ‘নূর জাহান’ আগামীকাল ১৬ ফেব্রুয়ারি দেশের শতাধিক সিনেমা হলে মুক্তি পাবে। ছবিটি পরিচালনা করেছেন রাজ চক্রবর্তীর এক সময়কার সহকারী অভিমন্যু মুখোপাধ্যায়। আর এই ছবির মাধ্যমে শিশু শিল্পী থেকে নায়িকা হিসেবে অভিষেক হচ্ছে পূজা চেরীর। ছবিতে তার সাথে জুটি করেছে কলকাতার নবাগত নায়ক অদ্রিত।
ছবিতে পূজার নাম জাহান, জাহানারা খাতুন। বাস্তবে পূজা শান্ত স্বভাবের, কম কথা বলে। জাহান ঠিক তার বিপরীত, রাগী ও প্রতিবাদী। ছবিতে ‘নূর’ হয়েছেন ওপার বাংলার আদৃত। দুষ্টু-মিষ্টি একটা গল্প।
এদিকে সংবাদ সম্মেলনে শুটিংয়ের গল্প বললেন পূজা, ‘একটা দৃশ্যে আমি স্কুটি চালিয়ে আসব, নূর সামনে দাঁড়িয়ে থাকবে। আমি তো ঠিকভাবে স্কুটি চালাতে পারতাম না, মাত্রই শিখেছি। তবু খুব একটা ভালো পারি না। পরিচালক কাট বলতে একটু দেরি করলেন, তাই আমি আর স্কুটি থামাইনি। আদৃতকে বাঁচাতে গিয়ে নিজেই ব্যথা পাই। হাঁটুর ব্যথাটা আমার অনেক দিন ছিল।’
এর চেয়েও বড় বিপদে পড়েছিলেন। বললেন সে গল্পও, “একটা দৃশ্যে আমি আর নূর পানিতে পড়ে যাই। ছবিতে জাহান সাঁতার জানে, নূর জানে না। বাস্তবে পূজা সাঁতার জানে না, আদ্রিত জানে। আমি ডুবছিলাম আর বলছিলাম ‘বাঁচাও!’, আদ্রিত বলে কী ব্যাপার, আমার সংলাপ ও বলছে কেন! এটা ছিল ওর সংলাপ। ও বলছে, আরে আমার সংলাপ তুমি বলছ কেন! অভিমন্যুদা চিৎকার করে আদৃতকে বললেন, আরে ও সত্যিকারে ডুবছে। ওকে বাঁচা।”
দুই কিশোর-কিশোরীর হৃদয়স্পর্শী প্রেমের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘নূর জাহান’। গত বছরের সাড়া জাগানো মারাঠি সিনেমা ‘সেইরাত’ ছবির রিমেক নূর জাহান।




