প্রশ্ন ফাঁসের হোতা কে এই কলেজছাত্রী?
রাজশাহীতে এসএসসি গণিত পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে এক কলেজছাত্রীকে আটক করেছে পুলিশ। শনিবার সকাল ১০টার দিকে পরীক্ষার শুরুর আগে পিএন গার্লস স্কুলের সামনে থেকে অভিভাবকরা তাকে আটক করে পুলিশে দেয়।
আটক কলেজছাত্রী রাবিয়া ইসলাম রিয়া রাজশাহী সিটি কলেজের গণিত বিভাগের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী এবং নগরীর শাহমখদুম থানা শন্তসপুর এলাকার আমিনুল ইসলামের মেয়ে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মোবাইল ফোনে ফেসবুক থেকে গণিতের একটি প্রশ্ন নামিয়ে পরীক্ষার্থীদের দেখায়। এরপর সে অন্নপূর্ণা কম্পিউটারের দোকানে প্রশ্নটি প্রিন্ট করতে যায়। বিষয়টি বুঝতে পেরে ওই দোকানের মালিকের সহযোগিতায় কৌশলে ওই ছাত্রীকে আটকে রেখে পুলিশকে খবর দেয় অভিভাবকরা। পরে পুলিশ গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ বলেন, প্রশ্নফাঁসের ঘটনায় রিয়া নামের এক কলেজছাত্রীকে আটক করা হয়েছে। বিষয়টি যাচাই-বাছাই করে দেখে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।




