198738

‘ফেসবুক প্রেমিকার’ সঙ্গে চ্যাটিং থেকে মিটিং, অতঃপর …

মাদারীপুর প্রতিনিধি: ফেসবুকে সুমাইয়া আক্তারের সঙ্গে পরিচয় হয়েছিল শাওন ফকিরের। ফেসবুক চ্যাটিং, তারপর ঠিক হলো মিটিংয়ের তারিখ। আর তাতেই ঘটল বিপত্তি।

ফেসবুক প্রেমিকার প্রতারণার জালে আটকে গেলেন শাওন ফকির। অভিসারে গিয়ে মারধর খেলেন, খুয়ালেন টাকা-পয়সাও।

অবশ্য শেষটা ভাল হলো না ‘ফেসবুক প্রেমিকা’ সুমাইয়া আক্তারের (২৫)। পুলিশের জালে ধরা পড়তেই হলো তাকে। সঙ্গে তার সাঙ্গপাঙ্গরাও ধরা খেল।

শনিবার রাত ২টার দিকে রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরের চাঁনপট্টি থেকে তাদের আটক করা হয়।

আটককৃত অন্যরা হলেন – বাবুল শেখ (৩৮), সাইদুর মুন্সি (২৮), ইমরান মাতুব্বর (২৩), রফিক মাতুব্বর (২০)।

পুলিশ জানায়, গত দেড় মাস আগে ফেসবুকে কালকিনি উপজেলার শাওন ফকির নামের এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে রাজৈরের বাটিয়ারকান্দা এলাকার সুমাইয়া আক্তারের।

শনিবার বিকেলে শাওন ফকিরকে টেকেরহাট বন্দরে দেখা করতে বলে সুমাইয়া। টেকেরহাট গেলে সেখানে আগে থেকে ওঁৎ পেতে থাকা সুমাইয়ার লোকজন তাকে অপহরণ করে একটি ঘরে আটকে রাখে।

এরপর নির্যাতন করে পরিবারের কাছ থেকে বিকাশের মাধ্যমে প্রথমে ১০ হাজার টাকা আদায় করে।

পরে আরো টাকা চাইলে কৌশলে শাওন ফকির তার পরিবারকে বিষয়টি জানায়।

পরে পুলিশ গিয়ে শাওনকে উদ্ধার করে ও প্রতারক চক্রের প্রধান সুমাইয়াসহ ৫ জনকে আটক করে।

মাদারীপুরের রাজৈর থানার ওসি মো. জিয়াউল মোর্শেদ জানান, প্রেমের ছলে ডেকে এক যুবকের কাছ থেকে টাকা আদায়কারী চক্রের ৫জনকে আটক করা হয়েছে।
সূত্র: পরিবর্তন

ad

পাঠকের মতামত