চুম্মার পর প্রেমে পড়লেন শাকিব-মিম!
আসছে ১৬ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে মুক্তি পাচ্ছে বহুল আলোচিত ছবি ‘আমি নেতা হবো’। শাকিব খান-বিদ্যা সিনহা মিম অভিনীত ছবিটির ‘চুম্মা’ গানটি প্রকাশের পর পরই ব্যাপক সাড়া ফেলে।
এবার আজ শনিবার (১০ ফেব্রুয়ারি) ছবির নতুন একটি গান প্রকাশিত হলো। গানের শিরোনাম ‘আই এম ইন লাভ’। মনোরম লোকেশনে ধারনকৃত রোমান্টিক গানটিতে মহনীয় রূপে ধরা দিয়েছেন শাকিব-মিম।
গানের কথা লিখেছেন সুদীপ কুমার দীপ। সঙ্গীত আয়োজন করেছেন আহমেদ হুমায়ন। কণ্ঠ দিয়েছেন শান ও মোনালী ঠাকুর।
শাকিব-মিমের পাশাপাশি আরও অভিনয় করেছেন ওমর সানী, মৌসুমী, সাদেক বাচ্চু, ডিজে সোহেলসহ অনেকে।
এদিকে ছবিটির ৮০টি হলে মুক্তির প্রক্রিয়া নিশ্চিত হয়েছে। এছাড়াও ‘আমি নেতা হবো’ ছবির জন্য চালু হচ্ছে ৫০টি বন্ধ প্রেক্ষাগৃহ। প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার পক্ষ থেকে এমনটাই জানা গেছে।
প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়, এরই মধ্যে ২৫টি বন্ধ সিনেমা হলে ‘আমি নেতা হবো’ ছবি প্রদর্শনের জন্য বুকিং দেয়া হয়েছে। আগামীতে এই সংখ্যা ৫০ এ গিয়ে দাঁড়াবে।
‘আমি নেতা হবো’ ছবিটি পরিচালনা করছেন উত্তম আকাশ। তিনি বলেন, আমার বিশ্বাস রেকর্ড সংখ্যক হলে এই ছবিটি মুক্তি পাবে। আমিও জেনেছি অনেকগুলো বন্ধ হল আবার এই ছবির জন্য খুলছে। এটা দারুণ খুশির খবর।




