198520

তেলেগুতে ‘আয়নাবাজি’

২০১৬ সালে মুক্তি পাওয়া ‘আয়নাবাজি’র আলোচিত সেই চরিত্রে অভিনয় করে চমকে দিয়েছিলেন চঞ্চল চৌধুরী। এবার তেলেগু ছবিতেও তৈরি হলো একই চরিত্রের চমক। ‘গায়ত্রী’ নামের ছবিতে চঞ্চলের সেই চরিত্রে দেখা গেছে তেলেগু অভিনেতা মোহন বাবুকে।

তেলেগু ভাষায় ‘গায়ত্রী’ নামের এ ছবি গতকাল (৯ ফেব্রুয়ারি) মুক্তি পেয়েছে। এটি নির্মাণও করা হয়েছে বাংলাদেশের ‘আয়নাবাজি’ র কপিরাইট নিয়ে।

নির্মাতা অমিতাভ রেজা সূত্রে জানা যায়, ভারতীয় চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান শ্রী লক্ষ্মী প্রসন্ন পিকচার্স ২০১৭ সালে আনুষ্ঠানিকভাবে তামিল ও তেলেগু ভাষায় নির্মাণের জন্য ‘আয়নাবাজি’র স্বত্ব কিনে নেয়। তারই প্রথম কিস্তি হিসেবে শুক্রবার তেলেগু ভাষায় মুক্তি পেলো ‘গায়ত্রী’।

তিনি বলেন,‘ অনেকদিন আগেই অনুমতি ও স্বত্ব নিয়েছে। তবে ছবিটি যে মুক্তি পেয়েছে সেটা জানি না। ব্যাপারটা ভালোই লাগছে। আমি ওদের ওখানকার পত্রিকা খোজার চেষ্টা চালাচ্ছি। ওদের সঙ্গে যোগাযোগ করছি। তবে ওরা হয়তো কৌশলী হয়ে জানাতে চাচ্ছে না এটা বাংলাদেশের কোন সিনেমার রিমেক। তবে আশাকরি ছবিটি ওখানেও ভাল করবে। সে প্রাপ্তিটা আমারও হবে। তবে ওরা নিশ্চিত কিছু পরিবর্তন এনে ওদের মতো মারদাঙ্গা করেছে।

দক্ষিণ ভারতের কয়েকটি অনলাইন পত্রিকা থেকে খোঁজ নিয়ে জানা যায়, সবাই বেশ ভালো রিভিউ দিচ্ছে। প্রেক্ষাপটটাও একই রেখেছে। তবে চঞ্চল চৌধুরী চরিত্রে মোহন বাবু বিপত্নীক। তার যুবতী একটি মেয়ে আছে। নিজে মঞ্চাভিনেতা। টাকার বিনিময়ে বিভিন্ন রূপ ধরে জেল খাটেন। তেলেগু সিনেমাটিতে বাবা ও মেয়ের আবেগ উঠে এসেছে।

কপিরাইট কিনে নিলেও ‘আয়নাবাজি’র ছায়া থেকে নতুনভাবে ‘গায়ত্রী’ ছবিটির চিত্রনাট্য করেছেন ডায়মন্ড রত্ন বাবু। ১২৫ মিনিটের এ ছবিটি পরিচালনা করেছেন ম্যাডান রামিজানি।

সূত্র: বাংলা ইনসাইডার

ad

পাঠকের মতামত