মোনাজাত করে রওনা হন খালেদা জিয়া
আদালতের উদ্দেশে রাজধানীর গুলশানের নিজ বাসা থেকে রওনা হওয়ার সময় মোনাজাত করে বের হয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
মোনাজাতে তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। দেশের ভাল চেয়েছেন বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান।
তিনি পরিবর্তন ডটকমকে বলেন, নেত্রী বের হওয়ার আগে তার পরিবারের সদস্যদের ধৈর্য ধরতে বলেছেন।
এসময় তার বড় বোন, ভগ্নিপতি, দুই মামীসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে গুলশানের বাসভবন ‘ফিরোজা’ থেকে আদালতের উদ্দেশে রওনা হয়েছেন বিএনপি প্রধান।
পুরান ঢাকার বকশীবাজারে স্থাপিত ৫ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক ড. আখতারুজ্জামান এদিন জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণা করবেন।
এই মামলার অন্যতম আসামি বেগম খালেদা জিয়া।
রায় ঘিরে সকাল থেকে আদালত ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। আদালতে প্রবেশের পথে স্ক্যানার বসানো হয়েছে। তল্লাশির পর মামলা সংশ্লিষ্টদের ভেতরে ঢুকতে দেয়া হয়।
মামলায় খালেদা জিয়া ও তার বড় ছেলে তারেক রহমান ছাড়া বাকি আসামিরা হলেন— মাগুরার সাবেক এমপি কাজী সালিমুল হক কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, সাবেক মুখ্যসচিব কামাল উদ্দিন সিদ্দিকী এবং বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান।
মামলার ছয় আসামির মধ্যে খালেদা জিয়া জামিনে রয়েছেন। মাগুরার সাবেক এমপি কাজী সালিমুল হক কামাল ও ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদকে কারাগার থেকে সকাল সোয়া আটটার দিকে আদালতে হাজির করা হয়েছে।
আর তারেক রহমান (লন্ডনে), সাবেক মুখ্য সচিব ড. কামাল উদ্দিন সিদ্দিকী, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান পলাতক।
মামলার এজাহার থেকে জানা গেছে, জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগ এনে খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে ২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সূত্র: পরিবর্তন




