197911

ঢাবিতে ছাত্রদলকর্মীকে ধরে পুলিশে দিল ছাত্রলীগ

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে ঢাবি ক্যাম্পাসে নাশকতার অভিযোগে ছাত্রদল সন্দেহে একজনকে ধরে পুলিশে সোপর্দ করেছে সার্জেন্ট জহুরুল হক শাখা ছাত্রলীগ।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি এলাকা থেকে তৌহিদুর রহমানকে আটক করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, খালেদার রায়কে কেন্দ্র করে টিএসসি এলাকায় অবস্থান নেয় সার্জেন্ট জহুরুল হক ছাত্রলীগের নেতাকর্মীরা। হঠাৎ করে অপিরিচিত একজন মিছিলের মধ্যে প্রবেশ করলে ছাত্রলীগের কর্মীরা তাকে আটক করে।

ছাত্রলীগের নেতাদের দাবি, তৌহিদুরের মোবাইল ফোন চেক করে ফেসবুকে ঢুকে দেখা যায়, জামায়াত-শিবির, বিএনপির বিভিন্ন পেজে লাইক দেয়। রায়ের পর বকশীবাজারে অবস্থান গ্রহণের বিভিন্ন পরিকল্পনাও সেখানে পাওয়া যায়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তৌহিদুর নিজেকে বিএনপিকর্মী বলে স্বীকার করলে তাকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়।

ঘটনাস্থলে উপস্থিত সার্জেন্ট জহুরুল হক ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসিফ তালুকদার পরিবর্তন ডটকমকে বলেন, ‘সকাল থেকেই আমরা ক্যাম্পাসে অবস্থান নিয়েছি। ছাত্রদলের নেতাকর্মীরা যাতে ক্যাম্পাসে নৈরাজ্য না করতে পারে, সে বিষয়ে সতর্ক রয়েছি।’

তিনি বলেন, ‘তৌহিদুরের ঘোরাফেরা সন্দেহজনক হলে ধরে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাকে শাহবাগ থানায় সোপর্দ করা হয়।’

তবে শাহবাগ থানার ওসি আবুল হাসানের মোবাইল ফোনে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।

উল্লেখ্য, খালেদার রায়কে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস অবস্থান গ্রহণ করছে ছাত্রলীগ। তারা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন মোড়ে মোড়ে রয়েছেন।

ad

পাঠকের মতামত