197050

ছোট হলেও মুমিনুলের হৃদয়টা অনেক বড় : মাহমুদউল্লাহ

বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে ছোটখাট গড়নের মুমিনুল হক। কিন্তু আকৃতিতে ছোট হলে কি হবে মাঠের পারফরম্যান্স কখনোই ছোট ছিলো না এ ক্রিকেটারের। অভিষেকের পর থেকেই দেশের হয়ে নানা কীর্তি গড়ে যাচ্ছেন। যদিও মাঝে চন্ডিকা হাথুরুসিংহের রোষানলে পরে নিজেকে হারিয়ে খুঁজছিলেন। তবে হাথুরু যুগ শেষ হতেই আবার ছন্দে এ ব্যাটসম্যান। আর তার হৃদয়টা বড় বলেই দেশের হয়ে এমন পারফর্ম করতে পারছেন বলে মনে করেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

চট্টগ্রাম টেস্টে দুই ইনিংসেই সেঞ্চুরি করেছেন মুমিনুল। বাংলাদেশের হয়ে প্রথম। প্রথম ইনিংসে ১৭৬ রানের পর দ্বিতীয় ইনিংসে ১০৫ রান। তাও প্রচণ্ড চাপের মুখে। তার এমন পারফরম্যান্সে মুগ্ধ অধিনায়ক, ‘মানুষ ছোট, কিন্তু কাজ বড় করে। একটা কথা বলবো ওর (মুমিনুল) হৃদয়টা বড়। অনেক বড় হৃদয়ের মানুষ এবং এ জন্যই ও আল্লাহর রহমতে বাংলাদেশের জন্য ধারাবাহিকভাবে ভালো করছে। দোয়া করি সামনে ও আরো ভালো করবে।’

আগের দিন ৮১ রান তুলতেই দলের সেরা তিন ব্যাটসম্যানকে হারায় বাংলাদেশ। শেষ দিনে তাই মুমিনুলের ব্যাটের দিকেই তাকিয়ে ছিলো টাইগাররা। আর মুমিনুল তার ষোলোআনাই পুষিয়ে দেন। আর তাতেই দারুণ খুশি মাহমুদউল্লাহ। খুশি লিটন দাসের উপরও। কারণ তাদের ১৮০ রানের জুটিতেই ম্যাচ বাঁচাতে টাইগাররা।

মাহমুদউল্লাহর ভাষায়, ‘আমরা জানি প্রথমেই আমরা তিনটা উইকেট হারিয়েছিলাম। আমাদের মধ্যে যাতে ওই বিশ্বাসটা থাকে যে আমরা বাংলাদেশ দলকে প্রতিনিধিত্ব করছি এবং ওইভাবেই যেনো আমরা সক্রিয় হই, আমাদের অ্যাকশনগুলো যেনো ওই রকম হয়। আলহামদুলিল্লাহ— মুমিনুল ও লিটন আজ খুব ভালো ইনিংস খেলেছে। আমার মনে হয় যে, ওদের ইনিংস খুবই ফাইটিং নক ছিলো। খুব ভালো লেগেছে। ওদের পারফর্ম্যান্সে আমি খুবই খুশি।’

প্রসঙ্গত, প্রথম ইনিংসে ৫১৩ রানের বড় সংগ্রহ করেছিলো বাংলাদেশ। তবে দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কার ব্যাটিংয়ে বড় সংগ্রহ ছোট হয়ে দাঁড়ায়। ৯ উইকেটে ৭১৩ রান তুলে ইনিংস ঘোষণা করে তারা। ফলে লিড পায় পাক্কা ২০০ রানের। সেই লিড মাথায় নিয়ে চতুর্থ দিনেই হারায় ৩ উইকেট। তবে পঞ্চম দিনে লিটনকে মুমিনুলের লড়াইয়ে ড্রয়ের তৃপ্তি নিয়ে মাঠ ছাড়ে টাইগাররা। ৫ উইকেটেই ৩০৭ রান করে দলটি।

ad

পাঠকের মতামত