কে দিয়েছিলেন ড্রয়ের প্রস্তাব? বাংলাদেশ নাকি শ্রীলঙ্কা ?
লিডটাকে যতটা পারা যায় এগিয়ে নিতে হবে, সঙ্গে মাটি কামড়ে পড়ে থাকা। চট্টগ্রাম টেস্টের শেষদিনের বিকেলে হয়তো এমন পরিকল্পনা নিয়েই ব্যাটিং করছিলেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ও মোসাদ্দেক হোসেন সৈকত। কিন্তু ১৭ ওভার বাকি থাকতেই ড্র হয়ে গেল ম্যাচ। সে জন্য মাহমুদউল্লাহকে প্রস্তাব দিয়েছিলেন শ্রীলঙ্কান অধিনায়ক দিনেশ চান্দিমাল।
শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্ট ড্র করার পর এই তথ্য দিলেন মাহমুদউল্লাহ। রোববার
ম্যাচ শেষে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘ড্রয়ের কলটা ওদের (শ্রীলঙ্কার) তরফ থেকেই আসে। যেহেতু রেজাল্ট হচ্ছে না, তো তাড়াতাড়ি শেষ করে ফেললেই ভালো। ’
তৃতীয় দিনের শেষে বাংলাদেশ দলের টেকনিক্যাল ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন বলেন, এখনও ম্যাচ বাঁচানোর অবস্থায় আসেনি। রাত পেরোতেই বাস্তবতা বুঝতে পারছিলো বাংলাদেশ। তাই তো চতুর্থ দিন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামের কন্ঠে উল্টো সুর। জানালেন, ম্যাচ নিয়ে ভাববার কিছু নেই, আবার অনেক কিছু আছে। আপাতত ম্যাচ বাঁচানোর চেষ্টা করবে তারা।




