193823

শাকিব আসলে জানা যাবে বুবলীর সঙ্গে কবে…

বিনোদন ডেস্ক : গত বছরের সবচেয়ে আলোচিত চরিত্র ছিলো শাকিব খান। চলতি বছরও তিনি আছেন আলোচনায়। শাকিব খান বর্তমানে আছেন কলকাতায়। সঙ্গে আছেন বুবলী। তিনি দেশে ফিরবেন দু-তিন দিনের মধ্যে।

আর দেশে আসলে জানা যাবে তার প্রযোজনায় দ্বিতীয় সিনেমা ‘প্রিয়তমা’র কাজ শুরু হবে কবে। ছবির নাম ঘোষণা হয়েছে দুইমাস আগে। ছবিতে শাকিব খানের বিপরীতে আছেন বুবলী। কিন্তু এখন পর্যন্ত অন্যান্য বিষয়াদি জানানো হয়নি। সিনেমাটির সর্বশেষ আপডেট দিলেন পরিচালক হিমেল আশরাফ। তিনি বলেন, ‘সিনেমার একটা অংশের শুটিং হবে মহেশখালীতে। কিন্তু এ তীব্র শীতে ওখানে যে পরিমাণ কুয়াশা থাকে তাতে কাজ করা সম্ভব না। তাই আমরা এপ্রিল-মে মাস শুটিং করার সিদ্ধান্ত নিয়েছি। দু-একদিনের মধ্যে শাকিব ভাইয়ের দেশে আসার কথা রয়েছে। আসবেন বুবলীও। তার সঙ্গে বুবলীর শিডিউল মিলিয়ে শুটিংয়ের চূড়ান্ত তারিখ ঘোষণা করতে পারবো।’

‘প্রিয়তমা’র শুটিং লোকেশনে রয়েছে বৈচিত্র্য। বান্দরবান থেকে শুরু হয়ে একে একে কাজ হবে রাঙামাটি, কক্সবাজার, মহেশখালী, সুনামগঞ্জ ও সিলেটে। তার সিনেমায় দেশের সুন্দর সুন্দর জায়গাগুলো তুলে আনতে চান তরুণ এ নির্মাতা। ‘নাটক যখন বানাই তখন তো সীমিত বাজেটের কারণে দু-একটা ঘরের মধ্যেই সব শেষ করতে হয়। সিনেমায় যেহেতু সুযোগ আছে, তাহলে কেনো নিজের দেশটাকে দেখাবো না।’

এর আগে হিমেল তার পরিচালিত প্রথম সিনেমা ‘সুলতানা বিবিয়ানা’তে যশোরসহ দেশের বিভিন্ন লোকেশন ব্যবহার করেছিলেন। ‘সুলতানা বিবিয়ানা’ ছিল বিশুদ্ধ প্রেমের গল্প। ‘প্রিয়তমা’য় বিশুদ্ধ প্রেমের সাথে যুক্ত হয়েছে অ্যাকশন। এক কথায় রোমান্টিক-অ্যাকশন সিনেমা। এতে শাকিব ‘সুমন’ ও বুবলি ‘ইতি’ নামে অভিনয় করবেন। অবশ্য হিমেল জানালেন, এ নামগুলো চূড়ান্ত নয়।

‘প্রিয়তমা’র কাহিনি ও চিত্রনাট্য করেছেন প্রয়াত ফারুক হোসেন। তার লেখা দুটি চিত্রনাট্যকে এক করে সিনেমাটির কাহিনি। আর এ সংযুক্তির কাজটা করছেন পরিচালক নিজে। সিনেমাতে গান থাকবে তিনটি। দেশের খ্যাতিমান গীতিকার গানগুলো লিখবেন বলে জানালেন হিমেল। তবে সিনেমাটির একটি অডিও অ্যালবাম বের হবে যেখানে গান থাকবে সাতটি। হিমেলের ইচ্ছে ‘প্রিয়তমা’য় জেমস ও হাবিবকে দিয়ে গান করানোর।

‘প্রিয়তমা’ নির্মিত হবে শাকিব খানের প্রযোজনা সংস্থা এস কে ফিল্মসের ব্যানারে। ২০১৪ সালে ‘হিরো দ্য সুপারস্টার’ মুক্তি পায় এ সংস্থা থেকে। বদিউল আলম খোকন পরিচালিত সিনেমাটিতে শাকিবের বিপরীতে ছিলেন অপু বিশ্বাস ও ববি।

ad

পাঠকের মতামত