বান্ডিল-বান্ডিল দুই টাকার নোট পাচার হচ্ছিল ভারতে
যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে পাচারের সময় ৪৬ হাজার টাকা মূল্যের বাংলাদেশি নতুন দুই টাকার নোট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ শনিবার দুপুরে চেকপোস্টের আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল থেকে পরিত্যক্ত অবস্থায় এই টাকা উদ্ধার করা হয়। তবে এ সময় কোনো পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।
৪৯ ব্যাটালিয়ন বিজিবির বেনাপোল আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আবদুল ওয়াহাব জানান,বিজিবির কাছে খবর আসে বাংলাদেশি টাকার একটি চালান বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে পাচার হচ্ছে। এ খবরের ভিত্তিতে প্যাসেঞ্জার টার্মিনাল এলাকায় অভিযান চালানো হয়। এ সময় পাচারকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। ওই ব্যাগের মধ্য থেকে নতুন ৪৬ হাজার টাকা মূল্যের দুই টাকার নোট পাওয়া যায়।
উদ্ধার করা টাকা বেনাপোল পোর্ট থানা পুলিশে জমা দেওয়া হয়েছে বলে জানান আবদুল ওয়াহাব।
বাংলাদেশি দুই টাকা ভারতে কেন পাচার হচ্ছে?
মাদকসেবীদের অনেকের কাছে নেশাদ্রব্য গ্রহণের জন্য নতুন দুই টাকার নোট খুবই জনপ্রিয় হয়ে উঠেছে বলে জানা যাচ্ছে। স্থানীয়রা জানায়, ‘এগুলো ইন্ডিয়ায় নিয়ে সেখানে হেরোইন বা ইয়াবা সেবনের জন্য ব্যবহার করা হতে পারে’।
আটকদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ বলছে, এসব নোটের মাধ্যমে পাইপ তৈরি করে হেরোইন ও ইয়াবা গ্রহণ করে মাদকাসক্তরা। সিগারেটের প্যাকেটের ভেতরে থাকা রাংতাও একাজে ব্যবহার করা হয়। তবে এখন অনেকের কাছেই আকর্ষণীয় হয়ে উঠেছে বাংলাদেশের দুই টাকার নতুন নোট ।
ফলে এসব নোট সীমান্তের চোরাইপথ এবং আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে ভারতে পাচারের চেষ্টা দেখা যাচ্ছে বারবার। ভারতের বাজারে এই দুই টাকাই প্রতিটি ৫ রুপি পর্যন্ত মূল্যে বিক্রি করা হয়ে থাকে বলে জানা গেছে।




