‘ক্রিকেট খেলার অপরাধে পুলিশ আমাকে জেলে ভরতে চেয়েছিল’
স্পোর্টস ডেস্ক: একদিনের ক্রিকেটে রেকর্ড সংখ্যক তিনটি ডাবল সেঞ্চুরির মালিক তিনি। কোহলির পর এই মুহূর্তে ভারতীয় দলের সবচেয়ে জনপ্রিয় খেলোয়াড়ও তিনি। সেই ক্রিকেটারকেই কিনা জেলে ভরার হুমকি দিয়েছিলো ভারতীয় পুলিশ!

যে দেশে ক্রিকেট ধমের্র মতো, আর ক্রিকেটারদের রীতিমতো ঈশ্বর ভাবা হয়, সে দেশে এরকম একটা ঘটনা রীতিমতো অবিশ্বাস্যই বটে। কিন্তু এমনটিই ঘটেছিলো ভারতীয় ওপেনার রোহিত শর্মার সাথে। সম্প্রতি রোহিত নিজেই এই তথ্য জানিয়েছেন।
ভারতের ‘ব্রেকফার্স্ট উইথ চ্যাম্পিয়ন্স’ অনুষ্ঠানে জনপ্রিয় টিভি উপস্থাপক গৌরব কাপুরের সাথে আলোচনায় নিজের শৈশবের স্মৃতিচারণ করছিলেন রোহিত। সেখানেই তিনি বলেন ছেলেবেলার গল্পটা। তিনি জানান, ক্রিকেট খেলতে গিয়ে প্রতিবেশীর জানালার কাঁচ ভাঙার কারণে পুলিশ তাকে ও তার বন্ধুদের জেলে ভরার হুমকি দিয়েছিলো।
কি ঘটেছিল নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে? সেই অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে রোহিত জানালেন, ‘বন্ধুদের সাথে পাড়ায় খেলতে গিয়ে প্রতিবেশীদের জানালার কাঁচ ভেঙে ফেলতাম। এটা একদিন নয়, প্রায় প্রতিদিনই ঘটত। যার ফলে প্রতিবেশীরা পুলিশের কাছে আমাদের নামে অভিযোগ করেন। তখন পুলিশ এসে আমাদের হুমকি দিয়ে বলেছিলো, আমরা যদি আর একটাও কাঁচ ভাঙি তবে আমাদের জেলে ভরে দেবে।
ভারতীয় এই হার্ডহিটার ব্যাটসম্যান টেলিভিশনের অনুষ্ঠানে বলছিলেন, ‘ক্রিকেট সবসময় আমাদের পরিবারের কাছে একটা বড় আবেগ। দিনে ২৪ ঘণ্টার মধ্যে ১৬ ঘণ্টাই আমরা ক্রিকেট খেলা দেখি।’ অতীতের স্মৃতিচারণ করতে গিয়ে ৩০ বছরে ওপেনার জানান, তার চাচারাও স্কুল ও কলেজ পর্যায়ে ক্রিকেট খেলতেন। তারা কিভাবে রোহিতকে উৎসাহিত করতেন তার বর্ণনা দিতে গিয়ে রোহিত বলেছেন, ‘আমি যখন খেলতাম, আমার চাচা তখন বিল্ডিংয়ের ওপর থেকে দেখতেন, আমি কতটা ভালো করছি বা আমার পারফরম্যান্স কেমন।’ ইন্ডিয়াটুডে




