কেন দু’বছর ধরে অক্ষয়ের সাথে বিয়ের কথা লুকিয়ে রেখেছিলেন সুরভিন?
সম্প্রতি ইনস্টাগ্রামে নিজের বিয়ের কথা ঘোষণা করেছেন ‘হেট স্টোরি টু’-র নায়িকা সুরভিন চাওলা। এই অসাধারণ সুন্দরী হাতে গোনা কয়েকটি ছবি করলেও লুকস-এর কারণে প্রথম থেকেই দর্শকের এবং বলিউড হঞ্চোদের নজরে থেকেছেন। এমনকী কাস্টিং কাউচের শিকারও হয়েছেন এবং বার বার সংবাদের শিরোনামে এসেছেন।
সবাই এতদিন জানতেন যে, সুরভিন সিঙ্গল। কিন্তু ইনস্টাগ্রামে বিয়ের কথা ঘোষণা হতেই বেশ কিছু সর্বভারতীয় গসিপ ওয়েবসাইটে লেখা হয়েছে যে এখন নয়, ২০১৫ সালের ২৮ জুলাই চুপিচুপি ইতালির কোনও একটি চ্যাপেলে বয়ফ্রেন্ড অক্ষয় ঠাকরের সঙ্গে বিয়েটা সেরে ফেলেছিলেন তিনি। তাঁর সাদা পোশাকের চার্চ ওয়েডিং পছন্দ ছিল, তাই সেভাবেই বিয়ে হয় ইতালিতে এবং এই বিয়ের সাক্ষী ছিলেন খুব ঘনিষ্ঠ কয়েকজন।

ওই গসিপ ওয়েবসাইটের প্রতিবেদনে এও লেখা হয়েছে যে, সুরভিন ও অক্ষয় নাকি ঠিক করেছিলেন ২০১৮ সালের জানুয়ারিতে তাঁদের বিয়ের কথা ঘোষণা করবেন। তবে কেন এমন সিদ্ধান্ত, সেই বিষয়ে বিস্তারিত ভাবে কিছু বলা হয়নি। বিষয়টা একটু আশ্চর্যের বটে, বেশ খানিকটা বিরলও। কিন্তু, এমনটা আগেও ঘটেছে। সেলিব্রিটিরা অনেক সময়েই তাঁদের বিয়ের বা সম্পর্কের কথা গোপন রাখতে চান পেশাগত অনিশ্চয়তার কারণে। তাঁদের মনে হয় যে, সম্পর্কের বিষয়টা সবাই জানলে হয়তো কাজের জায়গায় কিছু অসুবিধা তৈরি হবে।
সে যাই হোক না কেন, এখন আর লুকোচুরির দিন শেষ। সোশ্যাল মিডিয়ায়, সুরভিনের অফিসিয়াল পেজেও বিয়ের খবরটি আনুষ্ঠানিক ভাবে দেওয়া হয়েছে। অর্থাৎ দু’বছর আগেই বিয়ে হোক বা দু’দিন আগে, সুরভিন এখন বিবাহিত!




