কোটিপতি তারা!
শুধু কি অর্থের হিসাবে একজন কোটিপতি হন? যার গান ইউটিউবে কোটিবার দেখা হয়েছে, তাকে ‘কোটিপতি’ বলা যায় কি? ২০১৭ সালে কোটি ভিউয়ারের মাইল ফলক ছুঁয়েছে বেশ কিছু গান।
দিনে দিনে এই গানগুলোর ভিউ বেড়েই চলেছে। চলুন দেখা যাক কোন শিল্পীরা গান গেয়ে কোটিপতি হয়েছেন এ বছর;
জেমস
কোটি ভিউয়ার পাওয়া অন্যতম গানগুলোর মধ্যে একটি হলো জেমসের ‘তোর প্রেমেতে’। গানটি মাত্র চার মাসে এক কোটি দর্শক পেয়েছে ইউটিউবে। এত অল্প সময়ে বাংলাদেশি কোনো ছবির গানের এক কোটি দর্শক পাওয়া এটাই প্রথম।
হাসিবুর রেজা কল্লোল পরিচালিত ‘সত্তা’ ছবির গান এটি।
জেমসের পাশাপাশি গানটির সুরকার বাপ্পা মজুমদারেরও ইউটিউবে এটি রেকর্ড। এই প্রথমবার বাপ্পার সুর করা কোনো গান এক কোটি দর্শক পেল অন্তর্জালে।
মমতাজ
জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ ও নবাগত শাফায়াত হোসেনের ‘লোকাল বাস’ গানটি প্রকাশের পরই ব্যাপক সাড়া ফেলে। এ বছরের শুরুর দিকেই ইউটিউবের অফিসিয়াল পেজে গানটি কোটি বারেরও বেশি দেখার মাইলফলক স্পর্শ করেছে।
অবশ্য গাঙচিল মিউজিকের ইউটিউব চ্যানেলে ‘লোকাল বাস’ গানটি প্রকাশ পায় গত বছরের সেপ্টেম্বরে। যৌথভাবে এর কথা লিখেছেন লুৎফর হাসান ও গোলাম রাব্বানী। সুরারোপও করেছেন লুৎফর হাসান। সংগীতায়োজনে ছিলেন প্রীতম হাসান। র্যাপ গেয়েছেন শাফায়াত হোসেন।
ইমরান
ইউটিউবে বাংলাদেশের প্রথম কোটি ভিউ হওয়া গানটি ছিল ইমরানের ‘বলতে বলতে চলতে চলতে’। গত বছর কোটি ভিউ ছাড়ায় এই গানটি। এই বছরও এগিয়ে ইমরান। এখন পর্যন্ত ইমরানের গাওয়া মোট চারটি গান কোটির চৌকাঠ পেরিয়েছে। এই গানগুলোর মধ্যে আছে— বসগিরি সিনেমার গান ‘দিল দিল দিল’। কবির বকুলের লেখা ও শওকত আলী ইমনের সঙ্গীতে গানটিতে তার সঙ্গে কণ্ঠ দিয়েছিলেন কনা। গানটির ভিউয়ার এখন দুই কোটি ৫৫ লাখ।
কোটি ভিউয়ার পাওয়া ইমরানের আরো দুটি গান হলো- ‘ফিরে আসো না’ ও ‘বাহুডোরে’। এই দুটি গানের সুর সঙ্গীত ইমরান নিজেই করেছেন। ‘ফিরে আসো না’ লিখেছেন স্নেহাষীশ ঘোষ ও ‘বাহুডোরে’ লিখেছেন ফয়সাল রাব্বিকীন।
কনা
কনার গাওয়া ‘রেশমি চুড়ি’ গানটি কোটি ছুঁয়েছে এই বছর। প্রিয় চট্টোপাধ্যায়ের লেখা গানটির সঙ্গীতায়োজন করেন আকাশ। এছাড়া দুটি গান কোটি ভিউয়ার পূর্ণ করেছে—‘নবাব’ ছবির ‘ও ডিজে’ ও বসগিরি সিনেমার ‘দিল দিল দিল’। ‘ও ডিজে’ গানটিও প্রিয় চট্টোপাধ্যায়ের লেখা আর সুর সঙ্গীত আকাশের।
তাহসান
তাহসানের গাওয়া ‘কেউ না জানুক’ শিরোনামের মিউজিক ভিডিও ইউটিউবে কোটিবারের বেশি দেখা হয়েছে। যদিও গানটি আপলোড করা হয় ২০১৬ সালের ১ ডিসেম্বর। ‘স্বপ্নের বালুকায়, কেউ কি পা লুকায়। যদি না আসে ভেজা দিন। ইচ্ছের হিমালয়, হয় না কভু ক্ষয়। হৃদয়ে থাকে অমলিন।’— এমন কথার গানটি লিখেছেন রবিউল ইসলাম জীবন। সুর ও সংগীতে ছিলেন আরেক জনপ্রিয় শিল্পী ইমরান মাহমুদুল।
মিনার
এ বছর কোটিপতি হয়েছেন মিনার তার কথা, সুর ও কণ্ঠের ‘ঝুম’ গানটি দিয়ে। এটি ২০১৭ সালে দুই কোটি ভিউ ছাড়িয়েছে। গত বছরের ১৬ জুন ইউটিউবে পোস্ট করা হয় ‘ঝুম’ গানটি। প্রকাশের আট মাস পেরোতেই গানটি পৌঁছে যায় কোটির কোঠায়।
শাওন গানওয়ালা
একটি ছোট্ট সংসার। স্বামী-স্ত্রীর মিষ্টি খুনসুটি খুচরো মান-অভিমান। এসব নিয়েই নির্মিত হয়েছিলো ‘ইচ্ছে মানুষ’ শিরোনামের একটি গানের ভিডিও। এ বছর কোটির ভিউ হয়েছে শাওন গানওয়ালার গাওয়া এই গানটি। গত বছরের ১২ মে গানটি প্রকাশ হয় ই-টিউনস’র ইউটিউব চ্যানেলে।
তুষার হাসানের লেখা ‘ইচ্ছে মানুষ’-এর সুর করেছেন শাওন গানওয়ালা। সংগীতায়োজন করেছেন আমজাদ হোসেন।
কোটি ভিউয়ার পাওয়া গানের তালিকাতে আরো আছে ধ্রুব গুহর—‘যে পাখি ঘর বোঝে না’ ও ‘শুধু তোমার জন্য’। এফ এ সুমনের ‘জান রে’, জনি খন্দকার ও মোহনার ‘তুমি আমার’, নবীন শিল্পী সজীব রানা ও সালমার গাওয়া শর্টফিল্ম ‘বখাটে’র চল না ‘সুজন’।




