ফিলিপাইনে ফেরিতে আগুন লেগে নিহত ৫, নিখোঁজ ৮৭
আন্তর্জাতিক ডেস্ক
ফিলিপাইনের পালাওয়ান প্রদেশের পর্যটনকেন্দ্র ‘করনের’ কাছে একটি ফেরিতে ভয়াবহ আগুনে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ৮৭ জনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে দেশটির কোস্ট গার্ড।
স্থানীয় বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপকূল থেকে প্রায় ২ দশমিক ২ কিলোমিটার (১ দশমিক ৩ মাইল) দূরে এম/ভি জুন অ্যাস্টার ফেরিটিতে আগুন লাগে। আগুনের পর ফেরিটির পুড়ে যাওয়অর দৃশ্য ধারণ করা ভিডিও প্রকাশ করেছে ফিলিপাইন কোস্ট গার্ড।
জানা গেছে, ফেরিটি ১১৭ জন যাত্রী ও ১৭ জন ক্রু সদস্য নিয়ে ম্যানিলা থেকে করনের উদ্দেশে রওনা হয়েছিল।
বৃহস্পতিবার দেশটির কোস্ট গার্ডের ক্যাপ্টেন নোয়েমি কায়াবিয়াব জানিয়েছেন, ওই জাহাজে যাত্রী এবং ক্রু তালিকায় মোট ১৩৪ জনের নাম ছিল।
তাদের মধ্যে ৫ জনের দেহ উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গেই ওই ফেরিতে থাকা ৪২ জনকেও উদ্ধার করা হয়েছে। তবে ৮৭ জনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
ওই ঘটনায় নিখোঁজদের খোঁজে উদ্ধার কাজ চলছে। সেই সঙ্গেই কিভাবে তাতে আগুন লাগে তাও জানার চেষ্টা করা হচ্ছে।
নোয়েমি কায়াবিয়াব জানিয়েছেন, যাদের উদ্ধার করা হয়েছে তাদের মধ্যে ৪ জন ক্রু এবং ৩৮ জন যাত্রী। তবে তারা এখন কেউই কথা বলার অবস্থায় নেই। সেই কারণেই আগুন লাগার কারণ জানতে এবং যাত্রীরা সবাই কোথায় ছিল, তা জানতে সমস্যায় পড়তে হচ্ছে তাদের।
জুন অ্যাস্টার নামে ফেরিটি ম্যানিলা থেকে যাত্রা শুরু করেছিল বলেও জানা গেছে।








