377753

‘আওয়ারাপন টু’-এর সাফল্যের মাঝেই অসুস্থ ইমরান হাশমি

বিনোদন ডেস্ক
বলিউড অভিনেতা ইমরান হাশমি অসুস্থ। এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, অভিনেতা সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়েছেন। এমনকি চিকিৎসকরা পরীক্ষায় তার শরীরে এইচ১এন১ ভাইরাসের সংক্রমণ শনাক্ত করেছেন। বর্তমানে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বিশ্রাম নিচ্ছেন ইমরান হাশমি।

জানা গেছে, গত কয়েক দিন ধরেই অসুস্থ বোধ করছিলেন ইমরান হাশমি। সম্প্রতি রাঁচি সফরসহ বেশ কিছু কাজে দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করেন তিনি। এরপর মুম্বাইয়ে ফিরে অসুস্থতার কারণে চিকিৎসকের পরামর্শে তার মেডিকেল পরীক্ষা করা হয়। পরীক্ষার ফলাফলে এইচ১এন১ সংক্রমণের বিষয়টি নিশ্চিত হয়।

চিকিৎসকরা তাকে পর্যাপ্ত বিশ্রাম নেয়ার পাশাপাশি প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন। এ বিষয়ে ইমরান হাশমির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোনো মন্তব্য করেননি। তবে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে বেঙ্গালুরুর একটি অনুষ্ঠানে উপস্থিত হতে না পারায় ভক্তদের কাছে দুঃখ প্রকাশ করেছেন অভিনেতা।

‘আওয়ারাপন ২’ সিনেমার দৃশ্য | ছবি: সংগৃহীত

অন্যদিকে, ইমরান হাশমির নতুন সিনেমা ‘আওয়ারাপন টু’ বর্তমানে বক্স অফিসে দারুণ সাফল্য পেয়েছে। স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে মুক্তি পাওয়া সিনেমাটি প্রথম দিকেই ব্যাপক সাড়া ফেলে। সিনেমাটি এখন পর্যন্ত প্রায় ৪০ কোটি ৫০ লাখ রুপি আয় করেছে।

২০০৭ সালের জনপ্রিয় সিনেমা ‘আওয়ারাপন’-এর সিক্যুয়েল ‘আওয়ারাপন ২’। সিনেমাটি পরিচালনা করেছেন নীতিন কাক্কার এবং প্রযোজনা করেছেন বিশেষ ভাট। এতে ইমরান হাশমির সঙ্গে অভিনয় করেছেন দিশা পাটানি ও শাবানা আজমি। মুক্তির প্রথম দিনেই ‘আওয়ারাপন টু’ এর আগের সিনেমা ‘আওয়ারাপন’-এর পুরো আয়ের রেকর্ড ছাড়িয়ে যায়। ‘আওয়ারাপন’ মুক্তির পর মোট ৭ কোটি ৭৫ লাখ রুপি আয় করেছিল। পরবর্তী সময়ে ‘আওয়ারাপন ২’ ইমরান হাশমির আরও কয়েকটি সফল সিনেমার চূড়ান্ত আয়ের রেকর্ডও ছাড়িয়ে যায়।

ad

পাঠকের মতামত